চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সার্কিট হাউজে ফিরেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। সেখানে ফিরেই আজ সন্ধ্যায় অনলাইনে সিন্ডিকেট সভা ডেকেছেন তিনি।
গত মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর সন্ধ্যায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাঁকে ক্যাম্পাস থেকে উদ্ধার করেন। পরে রাতেই জরুরি চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে বৃহস্পতিবার দুপুরে তিনি সার্কিট হাউজে ফেরেন।
চুয়েটের একাধিক সিন্ডিকেট সদস্যের সঙ্গে কথা বলে সভা আহ্বানের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রাশিদুল হাসান বলেন, ‘উপাচার্য আজ সন্ধ্যা ৬টায় অনলাইনে সিন্ডিকেট সভা ডেকেছেন। আমি ছুটিতে আছি। সভায় যোগ দিতে পারব কি না, তা নিশ্চিত নই।’
ইলেকট্রিক্যাল ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসাইন বলেন, ‘উনি মেসেজ পাঠিয়েছেন। মেসেজের মাধ্যমে সিন্ডিকেট সভা আহ্বান করা যায় কি না, কিংবা এটি নিয়মসম্মত কি না, তা জানি না। সাধারণত রেজিস্ট্রারের মাধ্যমে চিঠি আসে।’
তবে সভায় অংশ নেবেন কি না, সে বিষয়ে দুই ডিনের কেউই নিশ্চিত করে কিছু জানাননি।
সিন্ডিকেট সভা আহ্বানের বিষয়ে জানতে উপাচার্যের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। একই দাবিতে কর্মবিরতি ও অসহযোগ কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। ফলে বন্ধ রয়েছে ক্লাস-পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম।
