ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটি (এনএলএসআইইউ) ২০২৭-২৮ শিক্ষাবর্ষে ভর্তির সূচি প্রকাশ করল। বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পাঠ্যক্রমে ভর্তির জন্য ন্যাশনাল ল স্কুল অ্যাডমিশন টেস্ট (এনএলএসএটি) ২০২৭ হবে ২৫ এপ্রিল।
৯ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট পাঠ্যক্রমগুলিতে আবেদনের ফর্ম পাওয়া যাবে ২০২৬ সালের নভেম্বর থেকে। নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার কথা ১ জুলাই ২০২৭। সারা দেশের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে। পাঠ্যক্রম অনুযায়ী যোগ্যতা, আবেদনের শেষ দিন ও পরীক্ষার বিস্তারিত তথ্য জানতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট nls.ac.in দেখার পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ।
কোন কোন পাঠ্যক্রমে ভর্তি
১। বিএ (অনার্স): এই স্নাতক পাঠ্যক্রমে বিভিন্ন বিষয়ে বিস্তৃত শিক্ষার সুযোগ রয়েছে। পড়ুয়ারা চাইলে গবেষণাভিত্তিক অতিরিক্ত চতুর্থ বছরও পড়তে পারবেন। পাঠ্যক্রমে মেজর ও মাইনর বিষয়, ঐচ্ছিক বিষয়, ভাষাশিক্ষা, ব্যবহারিক পাঠ এবং ইন্টার্নশিপ অন্তর্ভুক্ত থাকবে।
২। তিন বছরের এলএলবি (অনার্স): বিভিন্ন বিষয়ে স্নাতক উত্তীর্ণরা এই আইন পাঠ্যক্রমে ভর্তি হতে পারবেন। আইন নিয়ে পড়াশোনা করে পেশাগত ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন পড়ুয়ারা।
৩। জননীতি বিষয়ে স্নাতকোত্তর (এমপিপি): দু’বছরের এই পাঠ্যক্রমে জননীতি, সমাজবিজ্ঞান ও আইনের উপর গুরুত্ব দেওয়া হবে। পড়ুয়ারা পেশাগত ক্ষেত্রেও সুযোগ পাবেন বিশ্ববিদ্যালয়ের তরফে।
৪। পিএইচডি: আইন ছাড়াও সমাজবিজ্ঞান, জননীতি বিষয়ে গবেষণার সুযোগ থাকবে এখানে।
