নভেম্বরের প্রথম সপ্তাহে টানা তিন দিনের ছুটি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য। সাপ্তাহিক ছুটির সঙ্গে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শ্যামাপূজা মিলিয়ে এই ছুটির সুযোগ তৈরি হচ্ছে। তবে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কার্যকর হবে কি না, তা নির্ভর করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমোদিত ছুটির তালিকার ওপর।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৭ নভেম্বর (শনিবার) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং ৮ নভেম্বর (রোববার) হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শ্যামাপূজা পালিত হবে। এর আগের দিন ৬ নভেম্বর (শুক্রবার) সাপ্তাহিক ছুটি।
এই তিন দিন মিলিয়ে সরকারি-বেসরকারি স্কুল-কলেজ, সংশ্লিষ্ট কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা টানা তিন দিনের ছুটি পেতে পারেন। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছুটির বিষয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত ছুটির তালিকার সঙ্গে সম্পর্কিত। এদিনের ছুটির পাশাপাশি ৮ নভেম্বর শ্যামাপূজার ছুটি যুক্ত হলে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের অবকাশ তৈরি হতে পারে।
বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে ছুটির বিষয়টি কিছুটা ভিন্ন। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার এবং কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ছুটি নির্ধারিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছুটির তালিকায় শ্যামাপূজার ছুটির উল্লেখ নেই। তাই এসব বিশ্ববিদ্যালয়ে ছুটি কার্যকর হবে কি না, তা নিশ্চিত হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘোষণার দিকে নজর রাখতে হবে।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকাতেও শ্যামাপূজার ছুটির উল্লেখ নেই। ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা ৮ নভেম্বর ছুটি পাবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
