অস্ত্র হাতে ‘মাদকবিরোধী অভিযান’ নিয়ে বিতর্কের মধ্যে নিজের আত্মরক্ষার জন্য নিজের লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র বের করেছেন বলে দাবি করেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এর আগে সকাল ৮টা ৩৬ মিনিটে ফেসবুকে এক পোস্টে পদত্যাগের ইঙ্গিত দেন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের শেষ মেয়র সাদেক হোসেন খোকার বড় ছেলে ইশরাক হোসেন।
ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন ফেসবুকে লিখেন, “আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হবো, ইনশাআল্লাহ।”
সংবাদ সম্মেলনে ইশরাক বলেন, “মাদকের হাব হিসেবে পরিণত হয়েছিল ওই জায়গাটি, সেখানে মাদক ব্যবসায়ীরা অস্ত্র ব্যবহার করে। সেই কারণে নিজের লাইসেন্স করা অস্ত্র নিজের সিকিউরিটির জন্য বের করেছি।”
তিনি দাবি করেন, “কেবলমাত্র আমার নিরাপত্তার জন্য যতটুকু সময় অস্ত্র হাতে রাখা দরকার ততক্ষণই রেখেছি। আমি মনে করি সেটা কোনো ভুল করিনি। তারপরেও এই ঘটনার জন্য কেউ কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখ প্রকাশ করছি।”
প্রধানমন্ত্রীকে নিজেই পদত্যাগে আগ্রহের কথা বলেছেন জানিয়ে ইশরাক বলেন, “প্রধানমন্ত্রীকে আমি বলেছি, মাদক প্রতিরোধ করতে আমি পদত্যাগ করতে চাই, এই মাদক আপনার কাজগুলোকে ম্লান করে দিচ্ছে। আমি মাদক নিয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলবো। জীবন বাজি রেখে হলেও, মাদকের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবো।”
ইশরাক আরো বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী হিসেবে পদত্যাগ চেয়েছি। উনি বলেছেন- যাও মাদক নির্মূল করো। পরবর্তীতে খালি হাতেই মাদক নির্মূলে কাজ করবো।”
