পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে একটি স্কুলের ছাদ ধসে ৩৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩৪ জন শিক্ষার্থী এবং অপরজন স্কুলটির এক শিক্ষিকা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ক্লাস চলাকালে বেসরকারি ওই স্কুলে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এতে আরও ৫০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন।
স্থানীয় লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ অসিম জানান, তাদের হাসপাতালে ৩৩টি মরদেহ আনা হয়। পরে প্রদেশটির ডেপুটি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আরও দুই শিশুর মরদেহ হাসপাতালে নেওয়ার তথ্য জানান।
দুর্ঘটনার পর হাসপাতালটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। হাসপাতালে নেওয়া অনেক শিক্ষার্থীর অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহত শিক্ষার্থীদের সবার বয়স ১৪ বছরের কম।
পেশোয়ারের পুলিশ কর্মকর্তা ডাক্তার মিঞা সাঈদ জানান, তিনতলা স্কুলটি জনবহুল দীর কলোনিতে অবস্থিত। এলাকার রাস্তাঘাট সরু হওয়ায় উদ্ধার অভিযান চালাতে উদ্ধারকারীদের বেশ বেগ পেতে হচ্ছে।
ছাদ ধসে পড়ার সময় ওই শ্রেণিকক্ষে ৩০ জনের বেশি শিক্ষার্থী ছিল।
পুলিশ কর্মকর্তা মিঞা সাঈদ আরও জানান, ভবনটিতে অনেক ত্রুটি ছিল। ছাদটি মাটির তৈরি টাইলস দিয়ে নির্মাণ করা হয়েছিল। ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় পুরো ভবন ধসে পড়ার আশঙ্কায় প্রথমে সবাইকে ভেতর থেকে বের করে আনা হয়।
তিনি বলেন, স্কুল ভবনের ছাদ তৈরিতে ব্যবহৃত মাটির টাইলসগুলোর ওজন বেশি ছিল। ফলে ভবনটি অতিরিক্ত ভার সহ্য করতে না পেরে ধসে পড়ে।
সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন
