‘দাদাগিরি’র সাফল্যের পরে এখন ‘বিগ বস বাংলা’য় সঞ্চালনায় ব্যস্ত সৌরভ গঙ্গোপাধ্যায়। শোনা যাচ্ছে, 'বিগ বস বাংলা’র পাশাপাশি টেলিভিশনে আবার একটি নতুন নন-ফিকশন শোয়ের সঞ্চালনা করতে চলেছেন তিনি। আগামী মাস থেকেই শুরু হতে চলেছে এই গেম শো।
সূত্রের খবর, ২০২৫-এ, চার বছরের জন্য ১২৫ কোটি টাকার চুক্তিতে সই করেছিলেন সৌরভ। সেই চুক্তি অনুযায়ী, ‘বিগ বস’-এর পরে একই চ্যানেলে আরও একটি নন-ফিকশন শো সঞ্চালনা করবেন তিনি। এই শোয়ের ফরম্যাট অনেকটাই আলাদা বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই প্রচারের প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে যা থেকে বোঝা যাচ্ছে, এখানে টাকা জিততে প্রশ্ন ও উত্তর— দুটোর দায়িত্বই দর্শকের উপর।
সৌরভের টিমের তরফ থেকে জানানো হয়েছে, শুটিং এখনও শুরু হয়নি। আগামী সপ্তাহে এই সংক্রান্ত মিটিং হওয়ার পরে সব কিছু চূড়ান্ত হবে। তবে সব ঠিকঠাক থাকলে, চলতি বছরের নভেম্বর থেকেই শুটিং শুরু হওয়ার কথা। এ দিকে, ‘বিগ বস বাংলা’ শেষ হতে এখনও দেরি আছে। সে ক্ষেত্রে, দুটো শো-ই একসঙ্গে সম্প্রচার হতে পারে। তবে নতুন এই শোয়ের নাম কী হবে তা এখনও পর্যন্ত জানা যায়নি।
২০০৯ সালে টেলিভিশনের পর্দায় প্রথম সম্প্রচারিত হয়েছিল ‘দাদাগিরি’। টেলিভিশন জগতে সঞ্চালক রূপে এটাই ছিল সৌরভের হাতেখড়ি। এর পর ন’টি সিজন সঞ্চালনার দায়িত্বে ছিলেন তিনি।
