গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন এ দিবসটি পালন করে।
‘ঘর থেকে শুরু করি- দুয্যোগ সহনশীল দেশ গড়ি’— এ প্রতিপাদ্যে আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে সুশাসন চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক এস এম (সার্বিক) তারেক সুলতান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ূন রশীদ, ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক শিপলু আহমেদ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্ট কর্মীরা দুর্যোগ প্রতিরোধ বিষয়ক মহড়া করে। এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
আলোচনা সভায় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি ও জনসচেতনতার বিকল্প নেই। দুর্যোগ মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, স্থানীয় জনগণ ও স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণও গুরুত্বপূর্ণ।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ূন রশীদ বলেন, দুর্যোগের ঝুঁকি কমাতে পরিবার থেকে সচেতনতা গড়ে তুলতে হবে। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব বিভাগের মধ্যে সমন্বয় জোরদার করতে হবে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ‘৯৯৯’ এ যোগাযোগ করতে হবে। তাহলে দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসের সেবা পাওয়া যাবে।
অতিরিক্ত জেলা প্রশাসক এস এম (সার্বিক) তারেক সুলতান বলেন, বাংলাদেশে দুটি প্রাকৃতি দুর্যোগ দেখা দেয়, ভূমিকম্প ও বন্যা। তবে বাংলাদেশে অগ্নিকাণ্ড প্রাকৃতি দুর্যোগ নয়, এটি মানুষের অসাবধারতার সৃষ্টি। তাই সকলকে সচেতন হতে হবে। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে নিরাপদ ও দুর্যোগসহনশীল সমাজ গড়ে তোলা সম্ভব।
