উলিপুরে দুর্গোৎসব উপলক্ষে ১০০ জনের মাঝে বস্ত্র বিতরণ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুড়িগ্রামের উলিপুরে ১০০ জন দুস্থ ও সুবিধাবঞ্চিত সনাতন ধর্মাবলম্বীর মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবু আলা চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রমেশ সাহা।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিয়া বলেন, “শারদীয় দুর্গোৎসব বাঙালির আবহমানকালের সম্প্রীতির উৎসব। উৎসবের আনন্দ সমাজের সব মানুষের মাঝে ছড়িয়ে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে একটি অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের জন্য উপহার হিসেবে নতুন বস্ত্র পাঠানো হয়েছে।”
প্রধান অতিথি তারিক আবু আলা চৌধুরী বলেন, “সনাতন ধর্মাবলম্বী দুস্থ মা-বোনদের জন্য উপহার বিতরণের এ আয়োজনে উপস্থিত থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সুখ, শান্তি ও দীর্ঘায়ু কামনা করেন।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম আরিফ বলেন,” শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়া হবে। পূজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেও তিনি আশ্বাস দেন।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খন্দকার ফিজানুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলু, পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, পৌর বিএনপির সদস্যসচিব সোলায়মান আলী সরকার, স্থানীয় বিএনপিআ নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন পরিষদের নেতারা।
আলোচনা সভা শেষে ১০০ জন দুস্থ ও সুবিধাবঞ্চিত সনাতন ধর্মাবলম্বীর হাতে শারদীয় দুর্গোৎসবের উপহার হিসেবে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।
এই বিভাগের আরো খবর






