Published on
:
2 min read
শহরের আলোর রোশনাই, থিমের মণ্ডপ আর জনসমুদ্রের বাইরে এ বার পুজোর একটা দিন কাটাতে পারেন প্রকৃতির কোলে। কলকাতা থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে রাজেন্দ্রপুরের সুন্দরগ্রাম। সবুজ ধানখেত, পুকুরভরা জল, পাখির কিচিরমিচির আর গ্রামের সাবেকি দুর্গাপুজোর মণ্ডপে — সব মিলিয়ে একদিনের ঠিকানা হতে পারে সুন্দরগ্রাম।
কলকাতার সায়েন্স সিটি থেকে সুন্দরগ্রামের দূরত্ব মাত্র ২৯ কিলোমিটার। গাড়িতে পৌঁছতে সময় লাগবে ঘণ্টা দেড়েকের মতো। শহরের কোলাহল পেরিয়ে যখনই গ্রামীণ পরিবেশে ঢুকে পড়বেন, গ্রামবাংলার পুজোর আমেজ আপনার মন কেড়ে নেবে।
গ্রামের মধ্যেই রয়েছে মাটির আটচালা মণ্ডপ। সেখানেই আয়োজন করা হয় দুর্গাপুজোর। গ্রামের মহিলারাই পুজোর যাবতীয় দায়িত্ব পালন করেন। আশপাশের গ্রাম থেকেও বহু মানুষ এখানে পুজো দেখতে আসেন। অষ্টমীর অঞ্জলি দেওয়া কিংবা দশমীর সিঁদুর খেলা— এখানে সামিল হয়ে গ্রামের পুজোর স্বাদ নিতে পারেন। চাইলে দুপুরে পুজোর ভোগও খেতে পারেন।
গ্রামের পুজো দেখতে চলুন সুন্দরগ্রাম
সুন্দরগ্রামের অন্যতম আকর্ষণ এখানকার প্রাকৃতিক পরিবেশ। চারদিকে গাছপালা আর খোলা মাঠ— মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। সকালবেলা ব্রেকফাস্ট সেরে রওনা দিন সুন্দরগ্রামের উদ্দেশ্যে। গ্রামে পৌঁছে উপভোগ করুন পুজোর আমেজ। দুপুরের ভোগও খান এখানেই। রাতে আবার ফিরে আসতে পারেন শহরে। এ ছাড়া রাতও কাটাতে পারেন সুন্দরগ্রামে।
গ্রাম্য পরিবেশে রাত কাটাতে পারেন সুন্দরগ্রামে। রয়েছে লাল ছাদের দোতলা হোমস্টে। এখানে ঘুম ভাঙে পাখির ডাকে। সময় কাটানো যায় মাঠের ধারে বসে। বারান্দা থেকেই দেখা যায় বিস্তীর্ণ মাঠের দৃশ্য। তাই সুন্দরগ্রাম এলে একরাত কাটাতেও পারেন এখানে।
কী ভাবে যাবেন?
কলকাতার সায়েন্স সিটি থেকে বাসে বা গাড়িতে ঘটকপুকুর হয়ে চণ্ডীপুর মোড়ে পৌঁছন। সেখান থেকে টোটো নিয়ে সুন্দরগ্রাম যেতে পারেন। নিজস্ব গাড়ি থাকলে সরাসরি সুন্দরগ্রাম পৌঁছে যেতে পারেন। পুজোর ছুটিতে শহরের চেনা ভিড় ছেড়ে একদিন প্রকৃতির সঙ্গে কাটাতে চাইলে এবং গ্রামের পুজো দেখতে হলে চলে আসুন রাজেন্দ্রপুরের সুন্দরগ্রাম।
FAQ
১. সুন্দরগ্রাম কোথায় অবস্থিত?
সুন্দরগ্রাম কলকাতার কাছে রাজেন্দ্রপুরে অবস্থিত একটি গ্রামীণ পর্যটনকেন্দ্র।
২. কলকাতা থেকে সুন্দরগ্রাম কত দূরে?
প্রতিবেদন অনুযায়ী, সায়েন্স সিটি থেকে সুন্দরগ্রামের দূরত্ব প্রায় ২৯ কিলোমিটার।
৩. সুন্দরগ্রামে দুর্গাপুজোর বিশেষত্ব কী?
এখানে মাটির আটচালা মণ্ডপে সাবেকি দুর্গাপুজো হয়। গ্রামের মহিলারা পুজোর দায়িত্ব সামলান।
৪. সুন্দরগ্রামে কী কী ঘুরে দেখা যায়?
সবুজ ধানখেত, পুকুর, খোলা মাঠ ও গ্রামের দুর্গাপুজোর পরিবেশ উপভোগ করতে পারেন।
৫. সুন্দরগ্রামে কী ভাবে যাবেন?
সায়েন্স সিটি থেকে ঘটকপুকুর হয়ে চণ্ডীপুর মোড়ে পৌঁছে টোটো নিতে পারেন। নিজস্ব গাড়িতেও যাওয়া যায়।
