‘
‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার—আমরা সবাই বাংলাদেশি। ধর্ম যার যার, উৎসব সবার।’ প্রধানমন্ত্রী তারেক রহমানের এই স্লোগারের কথা উল্লেখ করে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেছেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করবে এবং সবাই মিলে উৎসব উদযাপন করবে। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই ভাই ভাই।
শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
এমপি নজরুল ইসলাম আজাদ শহরের আমলাপাড়া পূজামণ্ডপ, টানবাজার সাহাপাড়া পূজামণ্ডপ, উকিলপাড়া হোসিয়ারি পূজামণ্ডপসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
তিনি বলেন, “আজকের এই উৎসব আমরা সবাই মিলে উপভোগ করছি। এখানে সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষও রয়েছেন। এটাই বাংলাদেশের সম্প্রীতির প্রকৃত চিত্র। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষকে নিজের পরিবারের সদস্য মনে করেন। এ কারণে তিনি দেশের বিভিন্ন স্থানে গিয়ে সব সম্প্রদায়ের মানুষের সঙ্গে দেখা করছেন এবং তাঁদের খোঁজখবর নিচ্ছেন।”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে একটি সম্ভাবনাময়, প্রগতিশীল ও সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান। সেই বাংলাদেশ হবে আমাদের স্বপ্নের বাংলাদেশ। দলমত নির্বিশেষে সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।”
নজরুল ইসলাম আজাদ বলেন, “আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই ভাই ভাই। আমরা সবাই এক, আমরা সবাই অভিন্ন। প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সবাই মিলে একটি সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে কাজ করব।”
নারায়ণগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “আজকের এই দুর্গাপূজার অনুষ্ঠানে আমরা প্রত্যয় ব্যক্ত করছি, সবাই মিলে একটি সুন্দর ও সমৃদ্ধশালী নারায়ণগঞ্জ গড়ে তুলব। ইনশাআল্লাহ, আমরা নারায়ণগঞ্জবাসীকে একটি সুন্দর নারায়ণগঞ্জ উপহার দিতে পারব।”
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বরকত উল্লাহ ও মাহবুব উল্লাহ তপন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, বিশিষ্ট শিল্পপতি প্রবীর কুমার সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, সহসভাপতি তিলোত্তমা দাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদক সাহা ও সাধারণ সম্পাদক সুশীল দাস।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি কার্তিক ঘোষ, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল বাবু, ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিরা সরদার, মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রাফি উদ্দিন রিয়াদ ও সাইফুল ইসলাম আপন, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম হারুন, সদর থানা তাঁতীদলের সভাপতি মো. শাহাবুদ্দিন ও সাধারণ সম্পাদক মো. মাহবুবসহ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
The post সম্প্রীতির বন্ধনে সুন্দর নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয় এমপি আজাদের appeared first on Daily Sangbad Chorcha.
