তারকাদের ব্যক্তিগত জীবন ও দৈনন্দিন অভ্যাস নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। সাধারণ মানুষের সঙ্গে তারকাদের অভ্যাসের মিল খুঁজে পেলেই তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা। এবার এমনই এক মুহূর্তের কারণে আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী কাজল।
দুর্গাপূজার নবমীর সকালে মণ্ডপে মিষ্টি খাওয়ার পর নিজের শাড়িতে হাত মুছতে দেখা যায় তাঁকে। সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কাজলের স্বাভাবিক আচরণ নিয়ে নানা মন্তব্য করছেন নেটিজেনরা।
ভিডিওতে দেখা যায়, দুর্গাপূজার মণ্ডপে উপস্থিত হয়ে মিষ্টি খেতে খেতে অন্যদের সঙ্গে গল্প করছিলেন কাজল। খাওয়া শেষে নিজের শাড়িতে হাত মুছে নেন তিনি। সাধারণ জীবনে অনেকের পরিচিত এই অভ্যাসই এবার ক্যামেরায় ধরা পড়েছে বলিউডের এই অভিনেত্রীর ক্ষেত্রে।
বর্ষীয়ান অভিনেত্রী তনুজা মুখোপাধ্যায়ের মেয়ে কাজলের জন্ম বাঙালি পরিবারে। বেড়ে উঠেছেন মুম্বাইয়ে। তবে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে তাঁর সম্পর্ক বরাবরই দৃশ্যমান। নবমীর সকালে তাঁর এই ছোট্ট আচরণেও বাঙালিয়ানার ছাপ খুঁজে পেয়েছেন অনেকে।
মুম্বাইয়ে মুখোপাধ্যায় পরিবারের দুর্গাপূজার আয়োজনেও বাঙালি ঐতিহ্যের প্রতিফলন দেখা যায়। পরিবারের অন্য সদস্যদের মতো কাজলও পূজার সাজে নজর কাড়েন। এবার নীল শাড়ির সঙ্গে উজ্জ্বল হলুদ রঙের সাজে মণ্ডপে উপস্থিত হয়েছিলেন তিনি।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য করছেন ভক্তরা। কেউ কাজলের এই সহজ-স্বাভাবিক আচরণকে সাধারণ মানুষের সঙ্গে তাঁর অভ্যাসের মিল হিসেবে দেখছেন। আবার কেউ নিজেদের অভিজ্ঞতার সঙ্গে মিল খুঁজে লিখেছেন, ‘এটা তো আমিও করি।’
এমএ
