মোঃ মজনু মিয়া,গাইবান্ধাঃ
গাইবান্ধার সাদুল্লাপুরে মাদক সেবনের দায়ে মাসুদ রানা নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডসহ পাঁচ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাঁকে নিজ বাড়ি থেকে নেশারত অবস্থায় আটক করে। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওজাতুন জান্নাত এ দন্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্ত মাসুদ রানা সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক জামালপুর গ্রামের মৃত আলহাজ্ব মাহাবুব রহমানের বড় ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে মাসুদ রানাকে আটক করার পর তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালতে বিচারিক কার্যক্রম পরিচালনা করা হয়। শুনানি শেষে আদালত তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডসহ পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ ব্যবহার রোধে আইন প্রয়োগের অংশ হিসেবে এ অভিযান ও দন্ডাদেশ দেয়া হয়।
এ বিষয়ে ভাতগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান মাহফুজার রহমান মাফু বলেন, তাকে নিজ বাড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধার টিম নেশারত অবস্থায় আটক করে। পরে নিজ বাড়িতে ভ্রাম্যমাণ আদালতে তাকে দন্ডাদেশ প্রদান করেন।

