মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
বাহুবলে ভোক্তা অধিকার সংরক্ষণে অভিযান ॥ ২ প্রতিষ্ঠানকে জরিমানা
- আপডেট সময় সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
- ১১ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মিরপুর বাজারে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল সোমবার (১২ অক্টোবর) দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মিরপুর বাজার এলাকায় এ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, এসআরবি-৯-এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয়ের যৌথ আভিযানিক দল বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে মনিটরিং করে। এ সময় মিরপুর বাজারের মিম কোয়ালিটি ফুড নামের একটি রেস্টুরেন্টে একই ফ্রিজে সব ধরনের খাবার রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং মূল্যতালিকা প্রদর্শন না করার মতো অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া নিউ হক ফার্মেসিতে অবৈধ ওষুধ ও নকল পণ্য সরবরাহের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুটি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোক্তাদের নিরাপদ পণ্য ও সেবা নিশ্চিত করা, পণ্যের সঠিক মূল্য ও পরিমাপ বজায় রাখা এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লড়ঘন করে পণ্য উৎপাদন, সরবরাহ বা বিক্রয় এবং মূল্যতালিকা প্রদর্শনে অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।
এসআরবি-৯-এর পক্ষ থেকে জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এর পাশাপাশি জনস্বার্থ রক্ষা ও বাজারে অনিয়ম প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com


