Published on
:
1 min read
এই সময়: স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও এলসেভিয়ার প্রকাশনা সংস্থার ২০২৬–এর সংশোধিত বিশ্বের সেরা দু’শতাংশ বিজ্ঞানীদের তালিকায় আবার স্থান করে নিয়েছেন কলকাতার বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেশের ১৫ জন মনোরোগ বিশেষজ্ঞ এই স্বীকৃতি পেয়েছেন।
প্রতি বছর বিশ্বের বিভিন্ন শাখার গবেষকদের কাজের প্রভাব ও গুরুত্ব বিচার করে এই তালিকা তৈরি করা হয়। দেখা হয়, এই বিজ্ঞানীদের গবেষণাপত্র প্রকাশের পাশাপাশি তা অন্য গবেষকদের কাজে কতটা ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে সংশ্লিষ্ট গবেষণায় বিজ্ঞানীর ভূমিকা কতটা, সেটাও মূল্যায়ন করা হয়।
দেবাঞ্জন বর্তমানে কলকাতার অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালে মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত। বার্ধক্যজনিত মানসিক সমস্যা, স্মৃতিভ্রংশ, যৌনস্বাস্থ্য, সামাজিক মনোরোগবিদ্যা এবং মানসিক অসুস্থতাকে ঘিরে সামাজিক কুসংস্কার তাঁর গবেষণার অন্যতম প্রধান বিষয়। চিকিৎসার পাশাপাশি দীর্ঘদিন ধরেই তিনি গবেষণার কাজে যুক্ত। মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মানসিক অসুস্থতা নিয়ে সমাজে প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করার ক্ষেত্রেও তাঁর গবেষণার বিষয়গুলি বিশেষভাবে প্রাসঙ্গিক। দেবাঞ্জনের কথায়, ‘এই স্বীকৃতি মানসিক স্বাস্থ্যকেন্দ্রীক গবেষণা ও পরিষেবার ক্ষেত্রে আগামী দিনে আরও উৎসাহ দেবে।’
