দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৩০৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া নিশ্চিত হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮৬ জন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি দুজনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। অন্যদিকে, নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্তের সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে গত ২৪ ঘণ্টায় ৫০৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৯ হাজার ৮৭৬ জনে। এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২২ হাজার ৯২৬ জন।
একই সময়ে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ১০৪ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন এক হাজার ৭৭ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৮৬ হাজার ৫৮৩ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৭৮ হাজার ৮৬৯ জন।
এমএম/
