কালবেলা · general
কুমিল্লায় ডাল-ভাজি নিয়ে সংঘর্ষ, গ্রেপ্তার ৯
২২/১০/২০২৬

কুমিল্লার নাঙ্গলকোটে হোটেল মালিকের ছেলে ও কর্মচারীর মধ্যে ডাল-ভাজি নিয়ে তর্কবিতর্কের জেরে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম এসব তথ্য দেন। এর আগে বুধবার রাতে উপজেলার ভোলাইন বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার মাগরিবের নামাজের আগে উপজেলার ভোলাইন বাজারে ভাই ভাই হোটেলের মালিক হারুন রশীদের ছেলে শিবলু কর্মচারী ফারুককে গালমন্দ করতে থাকেন। এ নিয়ে ভোলাইন গ্রামের লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠে।
এতে আদ্রা উত্তর ইউনিয়নের শিবলুর পক্ষের লোকজন ও আদ্রা দক্ষিণ ইউনিয়নের ফারুকের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দুর্বৃত্তরা কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে।
তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ধরনের গুলির ঘটনা ঘটেনি। খবর পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশ ও অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে রাতে ৯ জনকে গ্রেপ্তার করে।
ভোলাইন বাজার কমিটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান জানান, ভোলাইন বাজারের ভাই ভাই হোটেলের মালিক হারুন রশীদের ছেলে মো. শিবলু ও দোকানের কর্মচারী মো. ফারুকের মধ্যে কাজের গাফিলতির কারণে তর্কবিতর্ক হয়। এর জেরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ইউনিয়নের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মামলার বাদী নাঙ্গলকোট থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, রাতে এজাহারনামীয় নয় জন এবং অজ্ঞাতনামা ১৫০-২০০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম বলেন, ভোলাইন বাজারে সংঘর্ষের খবর পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশ ও অতিরিক্ত পুলিশ সদস্যদের নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। নয় জনকে গ্রেপ্তার করে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗