চট্টগ্রামে ট্রাকের পাটাতনের নিচে ৩ লাখ ২০ হাজার ইয়াবা, চালক গ্রেপ্তার চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগরের ডবলমুলিং থানার মনসুরাবাদ এলাকায় একটি ট্রাকের পাটাতনের নিচে বিশেষ কৌশলে তৈরি গোপন চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ট্রাকের চালক মো. রুহুল আমিন (৪৫) নামের ট্রাক চালককে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে ইয়াবা পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও। বুধবার (২১ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনারের কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান উপপুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম। গ্রেপ্তার মো. রুহুল আমিন, পাবনা জেলার আতাইকুলা থানার আতাইকুলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ধর্মগ্রাম খন্দকার বাড়ির মৃত সোহরাব আলীর ছেলে। শেখ শরীফুল ইসলাম বলেন, কক্সবাজার থেকে একটি ট্রাকে করে মাদক নিয়ে নগরের কোতোয়ালী হয়ে সাগরিকার দিকে যাওয়া হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সোয়া বারটার দিকে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ পুলিশ লাইনের বিপরীত পাশে চেকপোস্ট বসায়। পরে রাত সোয়া দুইটার দিকে ট্রাকটি সেখানে পৌঁছালে সেটি আটক করা হয়। এ সময় ট্রাকের চালক রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে রুহুল আমিন ট্রাকের পাটাতনের নিচে বিশেষ কৌশলে তৈরি একটি চেম্বারে ইয়াবা থাকার কথা জানান। পরে তাঁর দেখানো ও নিজ হাতে বের করে দেওয়া মতে ওই চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। ইয়াবা পরিবহনে ব্যবহৃত যশোর-ট-১১-২৫৬৩ নম্বরের ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া রয়েছে।

চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ, আটক ২
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কসমেটিকস সামগ্রীসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জুম্মান খানের নেতৃত্বে সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্তপথ দিয়ে একটি পাখি ভ্যানে করে ভারতীয় পণ্যের বড় চালান নিয়ে যাওয়া হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির একটি বিশেষ দল অভিযান চালায়। এসআই জুম্মান খানের নেতৃত্বে পুলিশের দলটি সীমান্ত এলাকায় অবস্থান নেয়। একপর্যায়ে সন্দেহভাজন পাখি ভ্যানটি সেখানে পৌঁছালে পুলিশ সেটির গতিরোধ করে তল্লাশি চালায়। এ সময় ভ্যানটিতে থাকা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। আটক করা হয় দু'জনকে। অভিযানে চোরাচালানের কাজে ব্যবহৃত পাখি ভ্যানটিও জব্দ করে পুলিশ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে দামুড়হুদা থানায় চোরাচালানবিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

সিংগাইরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খান রিতা
মানিকগঞ্জের সিংগাইরে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খান রিতা। বুধবার ( ২১ অক্টোবর) দুপুরে সিংগাইর পৌর এলাকার আঙ্গাড়িয়া পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এছাড়া এদিন হরিরামপুর, দৌলতপুর, ঘিওর ও শিবালয় উপজেলার আরও ৭ টি পূজামণ্ডপ পরিদর্শন খাদ্যমন্ত্রী আফরোজা খান রিতা। এসময় সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর, শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপে আর্থিক অনুদান দেন তিনি। পূজামণ্ডপ পরিদর্শনকালে খাদ্যমন্ত্রীর আফরোজা খান রিতা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে সবাইকে মিলেমিশে চলতে হবে। পূজামণ্ডপে মুসলিম সম্প্রদায়ের মানুষের উপস্থিতি পারস্পরিক সৌহার্দ্যের পরিচয় বহন করে। এই সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশের সুনাম ধরে রাখতে সবাইকে সহনশীল হতে হবে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হয়। জনপ্রতিনিধিদের উদ্দেশ্য তিনি বলেন, জনপ্রতিনিধিদের দায়িত্ব হলো জনগণের সেবা করা। দ্বন্দ্বে না জড়িয়ে এক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে। খাদ্যমন্ত্রী বলেন, গত ১৭ বছর ফেসিস্ট সরকারের আমল ও দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে মানিকগঞ্জের যারা আমার পাশে ছিলেন, তাঁদের ত্যাগের কারণে আজ এই অবস্থান। এ জন্য মানিকগঞ্জবাসীর প্রতি আমি চিরকৃতজ্ঞ। তিনি আরও বলেন, কেরভোট দিয়েছেন আর কে দেননি তা বিবেচনা না করে সকল মানুষের জন্য জনপ্রতিনিধিদের কাজ করতে হবে।‘ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে জনগণের স্বপ্ন পূরণে আমি দায়িত্বশীল ভূমিকা পালন করবো। আসন্ন ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভোটের ক্ষেত্রে টাকার প্রলোভনে না পড়ে সৎ ও যোগ্য মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। ব্যক্তিগত দ্বন্দ্ব ও দলীয় কোন্দলের কারণে যেন এলাকার উন্নয়ন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাইদুর রহমান সাগরের সঞ্চালনায় পূজামণ্ডপ পরিদর্শন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূর তাজ আলম বাহার, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল। এসময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবিদুর রহমান খান রোমান, সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু, যুগ্ম-সম্পাদক আওলাদ হোসেন (এজিএস), আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ সাজেদুল আলম স্বাধীন, প্রচার সম্পাদক ইলিয়াছ হোসেন, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি সায়েদ আলী, জিন্নত আলী, যুগ্ম সম্পাদক আশরাফুল আলম শ্যামল, যুগ্ম-সম্পাদক রিপন উদ্দিন, যুগ্ম-সম্পাদক আতাউর রহমান আতা, ইমরান খান, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান আকুল, উপজেলা কৃষকদলের সিনিয়র সভাপতি বিপ্লব দেওয়ান, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক জাহাবুল হক, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক কামাল হোসেন, জাকির হোসেন বেলায়েত, ধল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, জামির্তা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সায়েস্তা ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শরীফ হোসেন মৃধা, তালেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক তারা মিয়া, চারিগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমাস কবির, থানা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাকিল, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক রাসেল ও কলেজ ছাত্রদল নেতা শাহিলসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, কৃষকদল, যুবদল, স্বেচ্চাসেবকদল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিবন্ধনহীন প্রেস ক্লাব অবৈধ, অন্য পেশায় থাকলে সাংবাদিকতা নয়: প্রেস কাউন্সিল চেয়ারম্যান
নিবন্ধনহীন প্রেস ক্লাব অবৈধ। একই সঙ্গে শিক্ষকসহ অন্য পেশায় নিয়োজিত ব্যক্তিদের সাংবাদিকতা করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। বুধবার (২১ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে আয়োজিত সেমিনার ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভার বিষয় ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন—সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য’। উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) আব্দুস সবুর ও তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান। প্রেস কাউন্সিল চেয়ারম্যান বলেন, সাংবাদিকতা একটি স্বতন্ত্র ও দায়িত্বশীল পেশা। সাংবাদিকতার পরিচয় শুধু পদবি বা পরিচয়পত্রের মধ্যে সীমাবদ্ধ নয়; সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, সত্যতা নিশ্চিত করা এবং নিরপেক্ষভাবে জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব। তাই পেশাগত আচরণবিধি ও নীতিমালা মেনে চলা জরুরি। তিনি আরও বলেন, অন্য পেশায় নিয়োজিত থেকে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করলে পেশাগত স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে। সংবাদ প্রকাশের ক্ষেত্রে ব্যক্তিগত ও ব্যবসায়িক স্বার্থের ঊর্ধ্বে থেকে বস্তুনিষ্ঠতা বজায় রাখতে হবে। এছাড়াও তিনি আরো বলেন সাংবাদিকদের নিজেদের অধিকার এবং অধিকার সম্পর্কিত আইন অনুসরণ করা এবং সচেতন হওয়ার তাগিদ দেন। বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব আব্দুস সবুর বলেন, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কেউ যেন ব্যক্তিগত সুবিধা আদায় বা প্রভাব বিস্তার করতে না পারেন, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। পেশাগত নীতিমালা অনুসরণ করে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা বাড়াতে হবে। উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের বেতন/ সম্মানী এবং প্রেস কাউন্সিল তথ্য মন্ত্রনালয় কর্তৃক প্রতি সাংবাদিকের ব্যাচ নম্বর সংবলিত আইডি কার্ড প্রদানের আহবান জানান ।

রংপুরের পীরগাছায় নশিকের সুপারভাইজারকে হত্যা; খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি
রংপুরের কাউনিয়ায় ফখরুল আলম রতন (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় খলিলুর রহমান নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। রতন কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর (কুটিপাড়া) গ্রামের মতিয়ার তহশিলদারের ছেলে। তবে তিনি পীরগাছা উপজেলার নটাবাড়ী শিক্ষা কল্যাণ ট্রাস্ট একাডেমিতে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় নিহতের স্ত্রী শাম্মি আক্তার সূচি বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ফখরুল আলম রতন চার ভাইয়ের মধ্যে একজন। তাঁর তিন ভাই চাকরির কারণে দীর্ঘদিন ধরে গ্রামের বাইরে থাকেন। ছোট ভাই ফরহাদ হোসেন নয়ন গ্রামের বাড়িতে বসবাস করেন। শিক্ষা প্রতিষ্ঠানে চাকরির সুবাদে রতন পরিবার নিয়ে পীরগাছার নটাবাড়িতে থাকতেন। অসুস্থ বৃদ্ধা মাকে দেখতে সোমবার কাউনিয়ার গ্রামের বাড়িতে যান রতন। বিকেলে বাড়ি থেকে বের হয়ে পাশের একটি দোকানে চা খেতে গেলে প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ স্বজনদের। এ সময় তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। নিহতের স্বজনদের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের পর ছোট ভাই নয়নের আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ততার অজুহাতে তাঁদের পরিবারের ওপর নির্যাতন চালানো হয়। ওই বছরের ৮ আগস্ট ভোরে চার ভাইয়ের বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। পুকুরের মাছও লুট করে নেওয়া হয় বলে অভিযোগ তাঁদের। এসব ঘটনায় বিচার চেয়ে আদালতে মামলা ও বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও প্রতিকার পাননি বলে দাবি পরিবারের সদস্যদের। স্বজনদের আরও অভিযোগ, স্থানীয় শিবু কুঠিপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে মজনু মিয়া (৩০) এলাকায় ‘কোহিনূর বাহিনী’ গঠন করে প্রভাব বিস্তারসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন। দীর্ঘদিনের বিরোধের জেরেই রতনকে হত্যা করা হয়েছে বলে দাবি তাঁদের। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। নিহতের স্বজন রাজিয়া সুলতানা, বড় ভাই ফিরোজ কবির, বড় বোন মাসুদা বেগম, মেয়ে রওশন জাহান রজনী, স্ত্রী শাম্মি আক্তার সূচি, ছোট ভাইয়ের স্ত্রী সাজিয়া আফরিন ও মা ফজিলা বেওয়া হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। কাউনিয়া থানা ওসি বাদল কুমার মন্ডল বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

