The Sangbad · খেলাধুলা
প্রতিমা বিসর্জনস্থলে সিঁদুর খেলার সময় নববধূর মৃত্যু
২২/১০/২০২৬

সাতক্ষীরার তালায় দুর্গাপূজার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনস্থলে সিঁদুর খেলার আনন্দঘন মুহূর্তে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে তন্নি দে (২০) নামের এক নববধূর মৃত্যু হয়েছে। এই আকস্মিক মৃত্যুতে বিসর্জনস্থলের উৎসবমুখর পরিবেশ মুহূর্তেই শোকে স্তব্ধ হয়ে যায়।বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার কুমিরা বাসস্ট্যান্ড-সংলগ্ন সার্বজনীন প্রতিমা বিসর্জনস্থলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত তন্নি দে কুমিরা গ্রামের মহাদেব দের মেয়ে। চার মাস আগে যশোরের কেশবপুর উপজেলার এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়েছিল। বিয়ের পর বাবার বাড়িতে এটিই ছিল তার প্রথম দুর্গাপূজা উদ্যাপন।স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয়া দশমীর সন্ধ্যায় ননদের সঙ্গে প্রতিমা বিসর্জনস্থলে যান তন্নি। সেখানে অন্যান্য নারীদের সঙ্গে সিঁদুর খেলা ও প্রতিমার কপালে সিঁদুর দেওয়ার আনন্দে মেতে ওঠেন তিনি। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এ সময় উপস্থিত স্বজন ও স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি; মৃত্যুর কোলে ঢলে পড়েন তরুণী নববধূ। আদরের মেয়েকে এভাবে হারিয়ে পাগলপ্রায় বাবা মহাদেব দেসহ পরিবারের অন্য সদস্যরা।তালা উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ মজুমদার এই মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, নববধূর আকস্মিক মৃত্যুর খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, তন্নি হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে মারা যান। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗