আন্দোলনকারী শিক্ষকরা জানান, গত ১ ফেব্রুয়ারি প্রকাশিত মাদ্রাসা এমপিও নীতিমালা অনুযায়ী তারা ১৩তম গ্রেড পাওয়ার যোগ্য। কিন্তু মাদ্রাসা শিক্ষাবোর্ডের অনলাইন তথ্য ব্যবস্থাপনা পোর্টাল (এমইএমআইএস) বন্ধ রাখার কারণে তারা আবেদন করতে পারছেন না
মাদ্রাসা এমপিও নীতিমালা অনুযায়ী ১৩তম গ্রেডে আবেদনের সুযোগের দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন সংযুক্ত এমপিওভুক্ত ইবতেদায়ী শিক্ষকরা। সংযুক্ত ইবতেদায়ী শিক্ষক দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে আজ সকালে কর্মসূচিতে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকরা।
আন্দোলনকারী শিক্ষকরা জানান, গত ১ ফেব্রুয়ারি প্রকাশিত মাদ্রাসা এমপিও নীতিমালা অনুযায়ী তারা ১৩তম গ্রেড পাওয়ার যোগ্য। কিন্তু মাদ্রাসা শিক্ষাবোর্ডের অনলাইন তথ্য ব্যবস্থাপনা পোর্টাল (এমইএমআইএস) বন্ধ রাখার কারণে তারা আবেদন করতে পারছেন না।
এর আগে গত ৯ অক্টোবর শাহবাগে শান্তিপূর্ণ কর্মসূচি পালন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এক সপ্তাহের আলটিমেটাম দেয়া হলেও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বা শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো কার্যকর সমাধান আসেনি। প্রশাসনিক এই নীরবতার কারণেই বাধ্য হয়ে লাগাতার আন্দোলনে নেমেছেন বলে জানান শিক্ষকরা।
অবস্থান কর্মসূচিতে সংগঠনের প্রধান সমন্বয়ক সাকিবুল হাসান সজিব বলেন, ‘নীতিমালায় স্পষ্টভাবে আমাদের অধিকারের কথা উল্লেখ থাকা সত্ত্বেও পোর্টাল বন্ধ রেখে আমাদের বঞ্চিত করা হচ্ছে। প্রশাসনকে সময় দেয়া হলেও কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না।’
সংগঠনের অপর সমন্বয়ক মো. সবুজ মাহমুদ বলেন, ‘আমরা কোনো করুণা চাচ্ছি না, নীতিমালা অনুযায়ী নিজেদের ন্যায্য অধিকার চাচ্ছি। ইবতেদায়ী শিক্ষকরা দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে পাঠদান করে আসছেন, অথচ আজ অধিকারের দাবিতে রাজপথে নামতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। অবিলম্বে এমইএমআইএস সফটওয়্যারে ১৩তম গ্রেডে আবেদনের সুযোগ চালুর দাবি জানাচ্ছি।’
এমইএমআইএস সফটওয়্যারে যোগ্যতা অনুযায়ী অনলাইন আবেদনের পথ সুগম না করা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনরতরা।
