ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিস্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা শুরু হতেই ময়মনসিংহের ভালুকা উপজেলার ১নং উথুরা ইউনিয়নে বইতে শুরু করেছে নির্বাচনি হাওয়া। চায়ের দোকান, হাটবাজার থেকে শুরু করে পাড়া-মহল্লা—সবখানেই এখন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে চলছে নানা আলোচনা ও হিসাব-নিকাশ। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে ভোটারদের মধ্যে তৈরি হচ্ছে কৌতূহল। এরই মধ্যে চেয়ারম্যান পদে আলোচনায় উঠে এসেছে প্রয়াত আবুল কাশেম চেয়ারম্যানের ছেলে শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. হায়দার আলীর নাম।
স্থানীয় পর্যায়ে সামাজিক কর্মকাণ্ড ও জনসম্পৃক্ততার মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হায়দার আলীকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় চলছে আলোচনা। তবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে দলীয় মনোনয়ন পাওয়া এবং নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি এখনো চূড়ান্ত নয়।
সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজের পরিকল্পনার কথা জানিয়ে মো. হায়দার আলী বলেন, “দল আমাকে মনোনয়ন দিলে এবং জনগণ ভোট দিয়ে নির্বাচিত করলে সড়ক যোগাযোগের উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি, তরুণদের কর্মসংস্থান এবং খেলাধুলার সুযোগ তৈরিতে গুরুত্ব দেব। আমি চাই, ইউনিয়ন পরিষদ হবে মাদকমুক্ত সমাজ গঠন ও সাধারণ মানুষের আস্থার জায়গা। সেখানে সবাই যেন সহজে নিজেদের সমস্যার কথা বলতে পারেন।”
তিনি আরও বলেন, “স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে ইউনিয়নের উন্নয়ন এবং অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করব। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করাই হবে আমার লক্ষ্য।”
উথুরা ইউনিয়নের ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের ব্যক্তিগত পরিচিতি, অতীতের সামাজিক কর্মকাণ্ড, মানুষের সঙ্গে যোগাযোগ এবং ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে। তাঁদের প্রত্যাশা, যিনিই চেয়ারম্যান নির্বাচিত হোন, তিনি যেন এলাকার রাস্তাঘাট, নাগরিক সেবা, কর্মসংস্থান, শিক্ষা ও সামাজিক নিরাপত্তার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখেন।
একজন সম্ভাব্য প্রার্থীকে ঘিরে আলোচনা থাকলেও নির্বাচনের মাঠে শেষ পর্যন্ত কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা নির্ভর করবে মনোনয়ন, প্রার্থিতা চূড়ান্ত হওয়া এবং নির্বাচনি প্রক্রিয়ার ওপর।
সব মিলিয়ে উথুরা ইউনিয়নে নির্বাচন ঘিরে বাড়ছে মানুষের আগ্রহ। সম্ভাব্য প্রার্থীদের তৎপরতার পাশাপাশি ভোটারদের প্রত্যাশাও স্পষ্ট হচ্ছে—উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবাকে গুরুত্ব দিয়ে যিনি কাজ করবেন, তাঁকেই তাঁরা ভোট দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করতে চান তারা।

