চট্টগ্রামের চন্দনাইশে ৪২ লিটার দেশীয় চোলাই মদ ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ তৃতীয় লিঙ্গের নেত্রী মৌসুমী হামিদ ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর দুইটার দিকে উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের চেমীরমুখ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এলাকাটি বান্দরবান সদর উপজেলার সীমান্তবর্তী।
গ্রেপ্তার অন্য দুজন হলেন পেঁচানি হিজড়া ও মিতু হিজড়া ওরফে লম্বানি। পুলিশ সূত্রে জানা গেছে, তারা মৌসুমী হামিদের শিষ্য। মৌসুমী সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হলুদিয়া এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে বান্দরবান এলাকা থেকে দেশীয় চোলাই মদ নিয়ে যাওয়ার সময় তাদের বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশা আটক করেন স্থানীয় লোকজন। এ সময় অটোরিকশার চালক পালিয়ে যান। পরে অটোরিকশাটি তল্লাশি করে ৪২ লিটার চোলাই মদ পাওয়া যায়।
খবর পেয়ে ধোপাছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে যায়। পরে সেখান থেকে তিনজনকে গ্রেপ্তার করে উদ্ধার করা মদ ও অটোরিকশাসহ তাদের পুলিশ তদন্ত কেন্দ্রে নেওয়া হয়। অটোরিকশাটির মালিক মৌসুমী হামিদ বলে জানা গেছে।
ধোপাছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) কাঞ্চন কুমার সিংহ বলেন, গ্রেপ্তার তিনজনকে উদ্ধার করা মদ ও অটোরিকশাসহ চন্দনাইশ থানায় পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হবে।
আতিকুল হা-মীম/ এনটি
