লিগ কানাডার, কিন্তু খেলা হবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে! আর সেই টুর্নামেন্টেই একই দলের জার্সিতে দেখা যেতে পারে বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, নাসির হোসেন ও রনি তালুকদারকে। আন্তর্জাতিক ক্রিকেটের পরিচিত কয়েকজন তারকার সঙ্গে এবার একই ড্রেসিংরুম ভাগাভাগি করার অপেক্ষায় তারা!
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টির নতুন আসরে ভ্যানকুভার গার্ডিয়ান্সের হয়ে নাম লিখিয়েছেন এই তিন বাংলাদেশি। দলটির পুরোনো নাম ছিল ভ্যানকুভার নাইটস। নতুন আঙ্গিকের এই আসরে পাঁচটি দল অংশ নিচ্ছে। তবে সাকিবকে নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। একই সময়ে তার নেপাল প্রিমিয়ার লিগে খেলার কথা থাকায় ভ্যানকুভারের হয়ে কতটা সময় মাঠে থাকতে পারবেন, তা এখনো পরিষ্কার নয়।
অন্যদিকে নাসির ও রনিকে নিয়মিত দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। নাসির এরই মধ্যে টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছেড়েছেন। আগামী ২ নভেম্বর পর্যন্ত চলবে প্রতিযোগিতাটি।
এই টুর্নামেন্টের সবচেয়ে বড় চমক অবশ্য ভেন্যু। কানাডার নামে পরিচিত লিগটির এবারের আসর বসছে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনসে। কানাডার ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে ক্রিকেটারদের যেতে হচ্ছে ক্যারিবীয় দ্বীপে। আয়োজকদের ঘোষণা অনুযায়ী, এটি বিশেষ এক মৌসুম। ২০২৭ সালে আবার কানাডায় ফিরবে প্রতিযোগিতাটি।
আগামী ২৩ অক্টোবর শুরু হয়ে ২ নভেম্বর শেষ হবে এবারের আসর। সব ম্যাচ অনুষ্ঠিত হবে সেন্ট ভিনসেন্টের আর্নোস ভেল স্টেডিয়ামে। ১৮ ম্যাচের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে পাঁচটি দল-টরন্টো কিংস, ভ্যানকুভার গার্ডিয়ান্স, মিসিসাগা স্কাইহকস, মন্ট্রিয়ল ওয়ারিয়র্স ও ব্র্যাম্পটন ব্লেজার্স।
ভ্যানকুভার গার্ডিয়ান্সের স্কোয়াডেও রয়েছে বেশ কয়েকটি পরিচিত নাম। স্কটল্যান্ডের জর্জ মানসি, দক্ষিণ আফ্রিকার কলিন ইনগ্রাম, আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাই, ওয়েস্ট ইন্ডিজের কেনার লুইস ও শ্রীলঙ্কার মালিন্দা পুষ্পকুমারার সঙ্গে আছেন সংযুক্ত আরব আমিরাতের জাহিদ আলী। কানাডার স্থানীয় ক্রিকেটারদেরও রাখা হয়েছে দলে।
