সংবাদ বিজ্ঞপ্তি · ১৬ অক্টোবর, ২০২৬ ৬:৫৯ অপরাহ্ন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট সদর উপজেলার টুকেরবাজারে সনাতন ধর্মাবলম্বী চা-শ্রমিকদের মধ্যে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ৬ নম্বর টুকেরবাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষ থেকে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কাশেম। এতে সভাপতিত্ব করেন সিলেট সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুর রহমান সফিক। এ সময় ইউনিয়ন পরিষদের সচিব অদিতি আচার্য্যসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. আবুল কাশেম বলেন, জাতীয় নির্বাচনের আগে খন্দকার আব্দুল মুক্তাদির চা-বাগানগুলো পরিদর্শন করে শ্রমিকদের সমস্যার কথা শুনেছিলেন এবং সমাধানের আশ্বাস দিয়েছিলেন। মন্ত্রী হওয়ার পর চা-শ্রমিকদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা এবং ভাতা দ্বিগুণ করাসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, চা-বাগানের প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ, নতুন ভবন নির্মাণ, কমিউনিটি ক্লিনিক স্থাপন, সড়ক উন্নয়ন, মন্দির ও কালভার্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বাগানের ভেতরের খেলার মাঠগুলো সংস্কারের পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে চা-শ্রমিকদের বিভিন্ন সমস্যার সমাধান করা হবে।
সভাপতির বক্তব্যে সফিকুর রহমান সফিক বলেন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নির্দেশনায় উন্নয়নমূলক কাজ চলছে। পর্যায়ক্রমে চা-শ্রমিকদের সমস্যাগুলো সমাধান করা হবে।
আলোচনা শেষে চা-শ্রমিকদের মধ্যে শুকনা খাবার বিতরণ করেন প্রধান অতিথি মো. আবুল কাশেমসহ অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা।
গুগলে আমাদের খবর পেতে
