সিলেটের জকিগঞ্জ উপজেলায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফরহাদ আহমদ (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। রবিবার (১৮ অক্টোবর) সকাল ৮টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের আটগ্রাম বাস স্ট্যান্ড মরইরতল এলাকার পশ্চিম পাশের একটি সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের বারগাত্তা গ্রামের আব্দুস সুবহানের ছেলে। তিনি মাত্র এক মাস আগে বিয়ে করেন। দুর্ঘটনার খবর পেয়ে জকিগঞ্জ থানার এসআই আব্দুল্লাহ আল মোমেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. আব্দুস সালাম বলেন, ‘জকিগঞ্জ থেকে সিলেটমুখি একটি বাসের সঙ্গে ফরহাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।’
এসআই মোমেন বলেন, ‘দুর্ঘটনায় ফরহাদের মুখমণ্ডল বেশি ক্ষতবিক্ষত হয়েছে। তার মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে।
প্রাণহানির বিষয়টি নিশ্চিত করে সিলেটের জকিগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’
ওয়াইএফ/০১
