কক্সবাজারের উখিয়ায় মেরিন ড্রাইভ-সংলগ্ন ইনানীর পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় কয়েকজন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে।
আজ শনিবার (১৭ অক্টোবর) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বার্তা২৪.কম-কে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনে রিসোর্টটি পুড়ে কয়লা হয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছেন। ঠিক কতজন আহত বা নিহত হয়েছে বলতে পারছি না। যেহেতু রিসোর্ট পুরোটি পুড়ে গেছে।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
