২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনী ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে। বর্তমানে তাদের মধ্যে ৩৫০ জন কঠোর পরিস্থিতিতে বন্দি রয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি।
বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে সংগঠনটি জানায়, ফিলিস্তিনি শিশুদের ভয় দেখানো ও আটকের মাধ্যমে লক্ষ্যবস্তু করা হচ্ছে। পরে তাদের ওপর নির্যাতন, অনাহারে রাখা এবং চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করার মতো ঘটনা ঘটছে বলেও অভিযোগ করেছে সংগঠনটি।
প্রতিবেদনে বলা হয়, অভিযোগ গঠন বা মুক্তির নির্দিষ্ট তারিখ ছাড়াই শিশুদের আটক রাখছে ইসরায়েলি কর্তৃপক্ষ। সংগঠনটির মতে, এ ধরনের আটক শিশুদের অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিচ্ছে এবং পরিবার ও শিক্ষাজীবনের স্থিতিশীলতা নষ্ট করছে।
যেসব শিশুকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছে, তাদের মুক্তি নিশ্চিত করতে আন্তর্জাতিক মহলের কার্যকর পদক্ষেপ দাবি করেছে সংগঠনটি। পাশাপাশি নির্যাতন, অনাহারে রাখা ও চিকিৎসা থেকে বঞ্চিত করার অভিযোগ তদন্ত এবং এসব কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছে তারা।
সূত্র: আলজাজিরা
