যুক্তরাজ্যের বার্মিংহামে চট্টগ্রাম সমিতির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী চাটগাঁইয়া মেজবানে মিলিত হয়েছিলেন সাত শতাধিক প্রবাসী চট্টগ্রামবাসী। বার্মিংহাম ও আশপাশের বিভিন্ন শহর থেকে আসা মানুষের অংশগ্রহণে এই আয়োজন হয়ে ওঠে প্রবাসে চট্টগ্রামের সংস্কৃতি, মেজবানি ঐতিহ্য ও পারস্পরিক সম্প্রীতির মিলনমেলা।

চট্টগ্রাম সমিতি বার্মিংহামের উদ্যোগে আয়োজিত ‘প্রথম বর্ষপূর্তি ও ঐতিহ্যবাহী চাটগাঁইয়া মেজবান ২০২৬’ অনুষ্ঠানে প্রবাসে জন্মভূমির সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি কমিউনিটির সদস্যদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয় উঠে আসে।
চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান এই আয়োজনের প্রধান আকর্ষণ ছিল। চট্টগ্রামের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ মেজবানকে প্রবাসে নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তোলার লক্ষ্যও ছিল এ আয়োজনে। খাবারের আয়োজনের বাইরে মেজবানের সঙ্গে জড়িয়ে থাকা আতিথেয়তা, ইতিহাস ও সামাজিক বন্ধনের ঐতিহ্য বার্মিংহামের মাটিতে তুলে ধরেন আয়োজকেরা।
চট্টগ্রাম সমিতি বার্মিংহামের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা প্রফেসর নাজিম উদ্দিনের উদ্যোগ ও অবদানের কথা অনুষ্ঠানে বিশেষভাবে স্মরণ করা হয়। সংগঠনটির সহপ্রতিষ্ঠাতা সেলিম হোসাইনের ভূমিকাও উঠে আসে। তাঁদের উদ্যোগে গড়ে ওঠা এই সংগঠন প্রবাসী চট্টগ্রামবাসীকে ঐক্যবদ্ধ করা এবং নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য চর্চার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সমিতি বার্মিংহামের চেয়ারম্যান মুজিবুল্লাহ। সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক ইমরুল হাসান। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে সমিতির সভাপতি আকতার হোসেন চৌধুরী কেক কেটে প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা প্রফেসর নাজিম উদ্দিন এবং সহপ্রতিষ্ঠাতা সেলিম হোসাইন। তাঁদের উপস্থিতিতে সংগঠনটির প্রতিষ্ঠাকালীন ইতিহাস ও ভবিষ্যৎ পথচলার প্রসঙ্গ উঠে আসে।
প্রথম বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশ করা হয় একটি বিশেষ স্মরণিকা। এতে সমিতির প্রতিষ্ঠার ইতিহাস, সাংগঠনিক কার্যক্রম ও কার্যকরী পরিষদের পরিচিতি তুলে ধরা হয়েছে। প্রকাশনাটি সংগঠনটির প্রবাসজীবনের প্রথম বছরের কার্যক্রমের স্মারক হিসেবে প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় লর্ড মেয়র জাকির চৌধুরী, সাবেক লর্ড মেয়র ইকবাল এবং বাংলাদেশ হাইকমিশনের চিফ কাউন্সেলর হামিদা খাতুন। এ ছাড়া বক্তব্য দেন ডা. আবুল কালাম আজাদ, খোরশেদ আলম, ব্যারিস্টার চৌধুরী মোহাম্মদ জিন্নাত আলী, সাকিব হুদা, আব্দুল মান্নান, সেলিমুল হক, মাসুম সমজাত, মহিউদ্দিন বহদ্দা চৌধুরী, ডা. রেজাউল করিম, মোহাম্মদ রিপনসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মুক্তার হোসেন মানিক, নূর উদ্দিন চৌধুরী, মোরশেদুল হুদা, সোহেল মিয়া, ইসতিয়াক আহমেদ ও রাশেদুল হক চৌধুরীসহ আয়োজক কমিটির সদস্যরা।
চট্টগ্রাম সমিতি বার্মিংহামের প্রথম বর্ষপূর্তি ও চাটগাঁইয়া মেজবান ২০২৬-এর মধ্য দিয়ে প্রবাসী চট্টগ্রামবাসীর একত্র হওয়া, নিজস্ব সংস্কৃতি চর্চা এবং ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার বিষয়টি গুরুত্ব পেয়েছে। প্রতিষ্ঠাতা প্রফেসর নাজিম উদ্দিন ও সহপ্রতিষ্ঠাতা সেলিম হোসাইনের উদ্যোগে শুরু হওয়া সংগঠনটির কার্যক্রমে বর্তমান নেতৃত্ব ও কমিউনিটির সদস্যদের অংশগ্রহণের মধ্য দিয়ে এই আয়োজন সম্পন্ন হয়।
