ছবি: সংগৃহীত
-->
ডিসি কমিকসের ভিলেন ক্লেফেইসকে নিয়ে নির্মিত হরর সিনেমা ‘ক্লেফেইস’ মুক্তি পাচ্ছে ২৩ অক্টোবর। আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে সিনেমাটি।
সিনেমাটি পরিচালনা করেছেন জেমস ওয়াটকিন্স। এতে অভিনয় করেছেন টম রিস হ্যারিস, নাওমি অ্যাকি, ম্যাক্স মিঙ্গেলা, ডেভিড ডেনসিক, এডি মারসন প্রমুখ।
সিনেমার গল্পের কেন্দ্রে রয়েছেন ম্যাট হ্যাগেন। গোথাম শহরের উচ্চাকাঙ্ক্ষী এই অভিনেতা একসময় জনপ্রিয় তারকা হয়ে ওঠেন। কিন্তু এক অপরাধী চক্রের প্রধানের কারণে তাঁর মুখ ভয়াবহভাবে বিকৃত হয়ে যায়। এতে তার অভিনয়জীবন ও ব্যক্তিগত জীবনে নেমে আসে বিপর্যয়।
একসময় কাছের মানুষ ও সহযোগীরাও তাকে ছেড়ে চলে যায়। আগের চেহারা ফিরে পেতে ম্যাট একটি আধুনিক চিকিৎসাপদ্ধতির আশ্রয় নেন। চিকিৎসায় তার চেহারা ফিরে এলেও দেখা দেয় ভয়ংকর পার্শ্বপ্রতিক্রিয়া। তার শরীর ও মনে অস্বাভাবিক পরিবর্তন শুরু হয়। ধীরে ধীরে নিজের পরিচয় ও মানবিকতা হারাতে থাকেন তিনি। একসময় প্রতিশোধের নেশা তাকে ভয়ংকর পরিণতির দিকে ঠেলে দেয়।
ব্যাটম্যানের জগতে ক্লেফেইসের বিশেষ ক্ষমতা হলো শরীরের আকৃতি বদলানো। কাদার মতো শরীর নিয়ে সে অন্য মানুষের রূপও ধারণ করতে পারে। এই ক্ষমতাই সিনেমার ভয়ের অন্যতম উৎস।
‘ক্লেফেইস’ সাধারণ সুপারহিরো সিনেমা নয়। এতে অ্যাকশনের চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে আতঙ্ক, মানসিক সংকট ও শরীরের অস্বাভাবিক পরিবর্তন। মুখের বিকৃতি, শরীরের আকৃতি বদলে যাওয়া এবং চিকিৎসার ভয়াবহ পরিণতি গল্পে ভিন্ন মাত্রা যোগ করেছে।
সৌন্দর্য ও পরিচয় হারানোর ভয়ও সিনেমাটির গুরুত্বপূর্ণ বিষয়। একজন অভিনেতার জীবনে চেহারার গুরুত্ব কতটা, তা ম্যাট হ্যাগেনের গল্পে উঠে এসেছে। নিজের পুরোনো রূপ ফিরে পাওয়ার চেষ্টা কীভাবে তাকে বদলে দেয়, সেটিও দেখানো হয়েছে।
ডিসি কমিকসের পরিচিত জগতের একটি তুলনামূলক কম আলোচিত চরিত্রকে নিয়ে এমন হরর সিনেমা দর্শকদের আগ্রহ বাড়িয়েছে। ট্রেলার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে আলোচনা চলছে। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড প্রিমিয়ারও সিনেমাটিকে ঘিরে আগ্রহ তৈরি করেছে।
