জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে শেষ দিনে তিনটি ম্যাচ ড্র হয়েছে। একমাত্র জয়টি পেয়েছে চট্টগ্রাম বিভাগ। কক্সবাজারে তারা বরিশালের বিপক্ষে ইনিংস ও ১ রানে ম্যাচ জিতেছে। এদিকে আট বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি পেয়েছেন রাজশাহীর সাব্বির রহমান। এ ছাড়া তিন অঙ্ক ছুঁয়েছেন আশরাফুল হাসান রিহাদ ও আশিকুর রহমান শিবলি।
শেখ কামাল স্টেডিয়ামে গতকাল শেষ দিনে ৪ উইকেটে ১৪৯ রানে দ্বিতীয় ইনিংস শুরু করে বরিশাল। এদিন স্কোরকার্ডে তারা যোগ করতে পারে আর ১৪৪ রান। ব্যক্তিগত ৩২ রানে ব্যাটিংয়ে নামা রাফসান আল মাহমুদ ফিফটি করেন। তিনি ৭২ রানে আউট হন। মইনুল ৪১ ও মঈন খান ৩২* রানের ইনিংস খেলেন। ১১৫ ওভারে ২৯৩ রানে অলআউট হয় তারা। আশরাফুল হাসান রোহান নেন ৫ উইকেট। প্রসঙ্গত প্রথম ইনিংসে ২৮২ রান করে বরিশাল। জবাবে তিন শতকে ৫৭৬ রান তোলে চট্টগ্রাম। দ্বিতীয় ইনিংসে ২৯৩ রানে গুটিয়ে গেলে ইনিংস হারের তেতো স্বাদ পায় বরিশাল।
মিরপুরে রাজশাহী ও খুলনার মধ্যকার ম্যাচটি ড্র হয়েছে। তবে শেষ দিনে শতকে রাঙিয়েছেন সাব্বির রহমান। এদিন ৩ উইকেটে ৩০০ রানে দ্বিতীয় ইনিংস শুরু করে রাজশাহী। সাব্বির রহমান ব্যাটিংয়ে নামেন ব্যক্তিগত ২১ রানে। ২২১ বল খেলে ৮ চার ও ১ ছক্কায় তিনি ১১৩ রান করেন। ২০১৮ সালের পর এই সংস্করণে আবার তিন অঙ্ক ছুঁয়েছেন সাব্বির। ৮৪ ম্যাচে এটি তার পঞ্চম সেঞ্চুরি। নবম ব্যাটসম্যান হিসেবে সাব্বির আউট হন দলীয় ৪৭৪ রানে। প্রথম ইনিংসে ১১৯ রানে অলআউট দলটি দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ৫০০ রান তোলার পর ড্র মেনে নেয় দুই দল। ম্যাচশেষে সাব্বির বলেন, ‘৩০০-৪০০ বল খেলার জন্য গিয়েছিলাম। দলের চাহিদা ছিল যে দুই দিনের ম্যাচ কীভাবে ড্র করা যায়, এখানে রানটা গুরুত্বপূর্ণ ছিল না আমার কাছে এবং কারও কাছেই না। চেষ্টা করছিলাম শট না খেলার জন্য, অনেক বল ছেড়ে দিয়েছি। চেষ্টা করছিলাম যে বল টু বল খেলার জন্য, রানের জন্য না।’ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা বিভাগ ও সিলেট বিভাগের ম্যাচ ড্র হয়েছে। শেষ দিনে ৫ উইকেটে ৪৩১ রানে ইনিংস শুরু করে সিলেট। আশরাফুল হাসান রিহাদ ৮১ ও তোফায়েল আহমেদ ৫৬ রানে ব্যাটিংয়ে নামেন। এদিন সেঞ্চুরি পেয়েছেন রিহাদ (১২২)। ৭৩ রানে আউট হন তোফায়েল। ৪৯৬ রানে অলআউট হয় সিলেট। আমিনুল ইসলাম নেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে আশিকুর রহমান শিবলির (১০১*) শতকে ৬ উইকেটে ২১৯ রানে ইনিংস ঘোষণা করে। ২৭১ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে সিলেট। ২ ওভারে ১ উইকেটে ২ রান তোলার পর ড্র মেনে নেয় ২ দল।
ময়মনসিংহ ও রংপুর ম্যাচ ড্র হয়েছে। সিলেটের একাডেমি মাঠে শেষ দিনে ৬ উইকেটে ১৯৫ রানে ইনিংস শুরু করে রংপুর। শেষ পর্যন্ত আর কোনো উইকেট না হারিয়ে ২৪৫ রানে ইনিংস ঘোষণা করে তারা। ৩৭৩ রান তাড়ায় ৪ উইকেটে ১৮৯ রান তোলে ময়মনসিংহ। মাহফিজুল (৬৮) ও আল-আমিন (৫৫*) ফিফটি করেন।
