রাজবাড়ীতে সবজি আবাদে বিঘাপ্রতি খরচ বেড়েছে ১০ হাজার টাকা , শঙ্কায় কৃষক
রাজবাড়ী প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:২৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
জ্বালানি তেল, সার ও শ্রমিকের মজুরি বাড়ায় রাজবাড়ীতে আগাম শীতকালীন সবজি আবাদে খরচ বেড়েছে। গত বছরের তুলনায় এবার বিঘাপ্রতি উৎপাদন খরচ বেড়েছে ৮ থেকে ১০ হাজার টাকা। এতে উৎপাদন খরচ তুলে লাভের মুখ দেখা নিয়ে শঙ্কায় রয়েছেন চাষিরা।
জেলার সদর, গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় আগাম শীতকালীন সবজির আবাদ হচ্ছে। মাঠে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মুলা, বেগুন ও মরিচের চাষ করছেন কৃষকেরা। পদ্মার তীরবর্তী বরাট ইউনিয়নের গোপালবাড়ি, কাচরন্দ, উড়াকান্দা ও নয়নসুখ গ্রামের মাঠেও চলছে আগাম সবজি চাষ।
চাষিরা জানান, জমি চাষ, চারা রোপণ, সেচ, সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বাবদ এবার খরচ বেশি হচ্ছে। গত বছর এক বিঘা জমিতে টমেটো বা ফুলকপি চাষে ২০ থেকে ২৫ হাজার টাকা ব্যয় হতো। এবার তা বেড়ে ৩৫ থেকে ৪০ হাজার টাকায় দাঁড়িয়েছে।
সদর উপজেলার বরাট ইউনিয়নের নয়নসুখ গ্রামের চাষি মো. জহিরুল ইসলাম ও মো. সিদ্দিক শেখ এবার আগাম জাতের ফুলকপি, টমেটো, বেগুন ও মরিচের চাষ করেছেন। তাঁরা জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, সারের সংকট ও দাম বাড়া, শ্রমিকের মজুরি এবং জমির বার্ষিক ইজারামূল্য বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ বেড়েছে। সবজির বাজারদর ভালো না পেলে লোকসানে পড়তে হবে তাঁদের।
চাষিরা আরও জানান, জ্বালানি তেলের দাম বাড়ায় সেচের খরচ সামলানো কঠিন হয়ে পড়েছে। ফলে প্রয়োজনমতো সেচ ও সার দিতে না পারায় ফলন নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।
রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. হোসেন শহীদ সরোয়ার্দী বলেন, কৃষি উপকরণের দাম বাড়লেও আগাম সবজি বাজারে তুলতে পারলে ভালো দাম পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা ও অন্যান্য বাজারে আগাম সবজি বেশি দামে বিক্রি করতে পারলে বাড়তি উৎপাদন খরচ পুষিয়ে নেওয়া সম্ভব।
তিনি জানান, চলতি মৌসুমে জেলায় ৬০০ হেক্টর জমিতে সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত ৫০ হেক্টর জমিতে আবাদ হয়েছে।
