গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে জাকির হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে উপজেলার ডাঙা মাজড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
আহত জাকির হোসেন ওই গ্রামের মৃত সিরাজ মোল্যার ছেলে এবং অভিযুক্ত বাশার সিকদার একই গ্রামের বাগান সিকদারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক বিরোধ ও পূর্ব শত্রুতা চলে আসছিল। ঘটনার দিন ভোরে ডাঙা মাজড়া মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় সুযোগ বুঝে অভিযুক্ত বাশার সিকদার ধারালো দেশীয় অস্ত্র নিয়ে জাকির হোসেনের ওপর আকস্মিক হামলা চালান। এ সময় তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান হামলাকারী।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে (মেডিকেল কলেজ হাসপাতাল) রেফার করেন। বর্তমানে তিনি সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, “ঘটনাটি আমরা শুনেছি এবং তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত বর্তমানে পলাতক রয়েছে।”
আজকালের খবর/কাওছার আল হাবীব
