খুলনায় এক দোকানিকে গুলি করেছে দুর্বৃত্তরা।
আজ শনিবার সন্ধ্যায় নগরীর দক্ষিণ টুটপাড়া ক্রস রোডের গাছতলা মন্দিরের সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ আকাশ কুণ্ড (৩২) খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা আকাশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে আকাশের পেটে গুলি লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
এর আগে আজ সকাল ১১টার দিকে খুলনার তেরখাদা উপজেলার পারহাজী এলাকায় যুবদলের এক নেতাকে গুলি করে দুর্বৃত্তরা।
গুলিবিদ্ধ রামীম বিশ্বাসকে (৩২) উপজেলার পারহাজী গ্রামের হাবিবুর রহমানের ছেলে এবং মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। তাকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনেরবাজার-মধুপুর সড়কে পারহাজী গ্রামের খান ব্রিকসের কাছে আয়নাল মোল্লার বাড়ির সামনে একটি ভ্যানে ছিলেন রামীম। এ সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পেছন থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একটি গুলি তার পাঁজরে বিদ্ধ হয়। পরে স্থানীয় লোকজন রামীমকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
