সংবাদ · টেক
দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি
২২/১০/২০২৬

বিশ্বের বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ নিরাপত্তা ত্রুটি শনাক্ত হয়েছে। এসব ত্রুটির সুযোগ নিয়ে সাইবার হামলাকারীরা দূর থেকে সার্ভারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সক্ষম। কোনো ধরনের ইউজারনেম বা পাসওয়ার্ড ছাড়াই তারা এমন হামলা করতে পারে।এমন পরিস্থিতিতে কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট) দেশের সরকারি ও বেসরকারি সব ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি উচ্চ সতর্কতা জারি করেছে।সংস্থাটির তথ্যমতে, ‘পিএইচপি২শেল’ নামে ত্রুটি দুটির সিভিই আইডি হলো সিভিই-২০২৬-১০৯৬১৮ এবং সিভিই-২০২৬-১০৯৬১৯। ঝুঁকির তীব্রতা বিবেচনায় এর সিভিএসএস স্কোর ৯.২। যা সর্বোচ্চ মাত্রার বিপজ্জনক হিসেবে বিবেচিত হয়।জারি করা সতর্কবার্তায় উল্লেখ করা হয়, সমস্যাটি মূলত পিএইচপির মেমোরি ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত। সার্ভারের মেমোরি ফুরিয়ে গেলে কিংবা মেমোরি খালি করার পরও পুরোনো রিকোয়েস্টের অবশিষ্ট ডেটা থেকে যাওয়ার সুযোগ তৈরি হয়।এই দুর্বলতার সুযোগ নিয়ে হ্যাকাররা বিশেষভাবে তৈরি এইচটিটিপি রিকোয়েস্ট পাঠিয়ে সার্ভারে ক্ষতিকর কোড চালানোর সুযোগ পায়।এ কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন পিএইচপি-এফপিএম এবং অ্যাপাচির ‘মড_পিএইচপি’ ব্যবহারকারীরা। এছাড়া পিএইচপি-সিজিআই, ফ্র্যাঙ্কেনপিএইচপি, লাইটস্পিড, ডকার কন্টেইনার এবং শেয়ার্ড হোস্টিংয়ে পরিচালিত দেশের সব সরকারি পোর্টাল, ব্যাংক, ই-কমার্স, ওয়ার্ডপ্রেস ও লারাভেলভিত্তিক ওয়েবসাইট মারাত্মক হুমকির মুখে পড়েছে।সতর্কবার্তায় আরও বলা হয়, কোনো সফল সাইবার আক্রমণ হলে পুরো সার্ভারের নিয়ন্ত্রণ চলে যাওয়া, ডেটা ও ফাইল চুরি, ডাটাবেসের পাসওয়ার্ড ও এপিআই কি ফাঁস এবং ওয়েবসাইট অচল হয়ে যাওয়ার মতো বড় ধরনের ক্ষতি হতে পারে।এ অবস্থায় অবিলম্বে পিএইচপি হালনাগাদ করার পরামর্শ দিয়েছে সার্ট। নিরাপদ সংস্করণগুলোর মধ্যে রয়েছে ৮.৫.১২, ৮.৪.২৭, ৮.৩.৩৬ এবং ৮.২.৩৫। শুধু ফ্রেমওয়ার্ক নয়, সার্ভারের মূল পিএইচপি রানটাইম হালনাগাদ হয়েছে কি না, তা নিশ্চিত করতে বলা হয়েছে।সতর্কবার্তায় বলা হয়, যারা এখনই প্যাচ দিতে পারবেন না, তাদের জন্য সাময়িকভাবে সার্ভার ভিপিএন-এর পেছনে রাখা, আইপিভিত্তিক অনুমোদন তালিকা তৈরি করা এবং লগ পর্যবেক্ষণ বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। তবে হালনাগাদ করাই একমাত্র স্থায়ী সমাধান বলে জানিয়েছে সার্ট।
মূল প্রতিবেদনে যান ↗