সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে চলমান সামরিক সংঘাতের প্রভাব পড়েছে দেশটির ঘরোয়া ফুটবলে। নিরাপত্তা শঙ্কা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসরের ম্যাচসহ সৌদি প্রো লিগের নবম রাউন্ডের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ স্থগিত করা হয়েছে।
সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে ম্যাচগুলোর নতুন সূচি ঘোষণা করেছে। সেখানে সূচি পরিবর্তনের কারণ হিসেবে খেলোয়াড়দের বাধ্যতামূলক ন্যূনতম বিশ্রাম নিশ্চিত করা এবং ব্যবস্থাপনাগত বিষয়গুলোর কথা উল্লেখ করা হয়েছে।
নতুন সূচি অনুযায়ী, আল হিলাল ও আল রিয়াদের মধ্যকার ম্যাচটি আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। একই দিনে মাঠে গড়াবে আল ইত্তিহাদ ও আল শাবাবের ম্যাচও। তবে রোনালদোর আল নাসর ও আল আহলির লড়াই দেখতে সমর্থকদের অপেক্ষা করতে হবে আরও কয়েক মাস। ম্যাচটি পিছিয়ে আগামী ৬ মার্চ ২০২৭ তারিখে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবম রাউন্ডের বাকি ম্যাচগুলো অবশ্য পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।
চলমান সংঘাতের কারণে সৌদি ফুটবলের সূচিতে বিঘ্ন ঘটার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে গত সোমবার রিয়াদে উজবেকিস্তানের ক্লাব নেফচি ফারগানার বিপক্ষে আল নাসরের এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর শুরু হয়েছিল। রিয়াদের আকাশসীমায় হুথিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ঘোষণা আসার পর ম্যাচ শুরুর সময় পিছিয়ে দেওয়া হয়।
সাম্প্রতিক দিনগুলোতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ও ইয়েমেনের হুথিদের মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার খবর পাওয়া যাচ্ছে। গত সপ্তাহে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় ১৩ জন নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হামলার কারণে সংশ্লিষ্ট টার্মিনালটিও অচল হয়ে পড়ে। ২০১৫ সালে ইয়েমেন যুদ্ধ শুরুর পর সৌদি আরবে এটিকে অন্যতম প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এমএ
