স্টাফ করেসপন্ডেন্ট
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৪২টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় ওয়ান শুটারগান, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, বিদেশি সিগারেট ও অন্যান্য আলামত উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে।
মিরপুর বিভাগে সর্বোচ্চ গ্রেফতার
ডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গ্রেফতারের সংখ্যা সবচেয়ে বেশি মিরপুর বিভাগে। এ বিভাগে ২৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তেজগাঁও বিভাগে ১৯৬ জন, ওয়ারী বিভাগে ৯২ জন, মতিঝিল বিভাগে ৪৯ জন, গুলশান বিভাগে ৪২ জন, লালবাগ বিভাগে ৪০ জন, উত্তরা বিভাগে ৪০ জন এবং রমনা বিভাগে ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা বিভাগ তিনজনকে গ্রেফতার করেছে।
উদ্ধার মাদকদ্রব্য ও অন্যান্য আলামত
অভিযানে ২২ কেজি ৮৯৬ গ্রাম গাঁজা, ১৭০ পিস ইয়াবা, ৬ হাজার ১০০ পিস ট্যাপেন্টাডল এবং ১৪৯ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি কলকী ও ৭৯০ প্যাকেট বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।
পুলিশ আরও উদ্ধার করেছে একটি মোটরসাইকেল, দেড় আনা ওজনের একটি স্বর্ণের কানের দুল, নয়টি মোবাইল ফোন এবং নগদ ৩৭ হাজার ৫৮০ টাকা। অভিযানে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
