শরীয়তপুর সদর পৌরসভায় অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবাসহ মিরাজ সরদার (২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল হোতা খবির ছৈয়ালসহ আরও কয়েকজন পালিয়ে যায়।
মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত গভীর রাতে সদর উপজেলার নতুন বাসস্ট্যান্ডের পূর্ব পাশ সংলগ্ন বাগিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিরাজ সরদার সদর উপজেলার ডোমসার ইউনিয়নের বাসিন্দা কামাল চৌকিদারের জামাতা ও চিহ্নিত মাদক কারবারি খবির ছৈয়ালের ঘনিষ্ঠ সহযোগী বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খবির ছৈয়ালের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র নতুন বাসস্ট্যান্ড, শাবনুর মার্কেট, বাগিয়া, প্রেমতলা ও কুরাশিসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলমের নির্দেশনায় পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টাকালে স্থানীয় লোকজনের সহযোগিতায় মিরাজকে আটক করে তল্লাশি চালিয়ে প্যান্টের বেল্ট থেকে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, একসময়ের সাধারণ ফার্নিচার মিস্ত্রি খবির ছৈয়াল ও তাঁর সহযোগীরা মাদক ব্যবসার মাধ্যমে বিপুল সম্পদের মালিক বনে গেছেন। এর আগেও বিভিন্ন সময়ে একাধিকবার গ্রেপ্তার হয়েছেন খবির।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার মিরাজকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক খবির ছৈয়ালসহ অন্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
জেএইচআর
