সৌদি আরবের রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। বেসামরিক মানুষের জীবন ও স্থাপনা লক্ষ্য করে চালানো হামলাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে অবিলম্বে এ ধরনের হামলা বন্ধের আহ্বান জানিয়েছে ঢাকা। একই সঙ্গে সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করে মধ্যপ্রাচ্যের চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানে সংলাপ ও কূটনীতির ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ।
গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ১০ অক্টোবর বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের প্রাণঘাতী হামলার কঠোর ও দ্ব্যর্থহীন নিন্দা জানাচ্ছে বাংলাদেশ। ওই হামলায় দুই বাংলাদেশির প্রাণহানি ঘটেছে এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। হতাহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, নিহতদের পরিচয় ও অন্যান্য তথ্য জানতে এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে বাংলাদেশ মিশন সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে।
সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হামলায় নিহত ১২ জনের মধ্যে দুজন বাংলাদেশি, চারজন সৌদি নাগরিক এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিশরের একজন করে নাগরিক রয়েছেন। সর্বশেষ হিসাব অনুযায়ী, এ ঘটনায় আহত হয়েছেন ৩০৯ জন। বিবৃতিতে বাংলাদেশ সরকার নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের প্রতি গভীর ও আন্তরিক সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে আহত ব্যক্তিদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বেসামরিক মানুষের জীবন বিপন্নকারী এবং বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে যে কোনো হামলা অগ্রহণযোগ্য এবং তা এখনই বন্ধ করতে হবে।
