বোরহানউদ্দিনে নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে আবু বকর (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সাচড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। সে দেউলা ইউনিয়নের শহিদুল হক কাজীর ছেলে। জানা যায়, দীর্ঘদিন ধরে সে তার মা-বাবার সাথে ঢাকায় থাকে। ঘটনার দিন তার মামার সঙ্গে ঢাকা থেকে নানা ছিঠু খানের বাড়ি বেড়াতে আসে। সকালে মাছ ধরতে দেখে ওই বাড়ির পুকুরপাড়ে যায়। এর কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুজি শুরু করে। একপর্যায়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইউপি সদস্য কয়ছর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।