পাবনার সাঁথিয়ায় মরহুম আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে সাঁথিয়ার পুরানচর ফুটবল মাঠ প্রাঙ্গণে মাসব্যাপী এই টুর্নামেন্টের সমাপনী ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ফাইনালে চাটমোহরের মেহেদী এগ্রো ফুটবল একাদশ ২-০ গোলের ব্যবধানে হুইখালি সোনালী সংঘ ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি ও পুরষ্কার তুলে দেন পাবনা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ভিপি শামসুর রহমান।
সাঁথিয়ার পুরানচর যুব ক্রীড়া সংঘের আয়োজনে গত ৪ সেপ্টেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্টে জেলার বিভিন্ন উপজেলার মোট ১৬টি দল অংশ নেয়। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানারআপ দলের জন্য পুরস্কার হিসেবে মোটরসাইকেল প্রদান করা হয়।
সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফজলুল বারী শান্টু, মশিউর রহমান টিপু, কে এম হারুন অর রশিদ, ইদ্রিস আলী মুন্সী এবং সাঁথিয়া থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফসহ স্থানীয় ব্যক্তিবর্গ ও বিএনপি নেতৃবৃন্দ।
জেএইচআর
