শেরপুরের শ্রীবরদীতে ব্রিজের নিচে ড্রামের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কুড়িকাহনিয়া কুটেমনি ব্রিজের নিচ থেকে ওই মরদেহ উদ্ধার কর হয়।
নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাঁর পরিচয় জানতে প্রযুক্তির সহায়তা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয়দের ধারণা, কেউ তাকে হত্যা করে মরদেহ ফেলে গেছে।
কূড়িকাহনীয়া ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ খান নূন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সকালে ড্রামটি খালের পানিতে পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে খবর দেওয়া হয় গ্রাম পুলিশকে। ড্রামের ভেতরে নারীর মরদেহ দেখতে পেয়ে গ্রামপুলিশ শ্রীবরদী থানা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের উদ্যোগ নেয় পুলিশ।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেছেন, খবর পাওয়ার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান।
