প্রকাশিত: ১৬:২১, ২৩ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যুবদল নেতা বিপ্লব সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করে ইজারার টাকার নামে চাঁদা আদায়ের চেষ্টা করেন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে পৌরসভার ইজারার নামে চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া সড়কের আলীয়াবাদ মোড়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবদল নেতার নাম আসাদুজ্জামান বিপ্লব। তিনি নবীনগর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।
খোঁজ নিয়ে জানা গেছে, দুপুরে সংবাদ সংগ্রহের জন্য কয়েকজন টেলিভিশন সাংবাদিক একটি মাইক্রোবাসে করে নবীনগর উপজেলার ধরাভাঙ্গা গ্রামে যাচ্ছিলেন। আলীয়াবাদ মোড়ে মাইক্রোবাসটি থামিয়ে ইজারার টাকা দাবি করেন এক যুবক। সাংবাদিকরা জরুরি পরিষেবার কথা উল্লেখ করে চাঁদা দিতে অস্বীকৃতি জানান। ওই যুবক সাংবাদিকদের মাইক্রোবাসটি আটকে রেখে যুবদল নেতা বিপ্লবকে ডেকে আনেন। বিপ্লব সেখানে এসে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করে ইজারার টাকার নামে চাঁদা আদায়ের চেষ্টা করেন৷ একপর্যায়ে তিনি সাংবাদিকদের মারার জন্য উদ্যত হন। এ সময় বিপ্লব নিজেকে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের ভাতিজা পরিচয় দিয়ে সাংবাদিকদের ভয় দেখান।
এ বিষয়ে ইজারাদার জাবেদুল ইসলাম বলেছেন, “সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের জন্য বিপ্লবকে ভর্ৎসনা করা হয়েছে। ইউএনও এবং এমপি মহোদয় বলেছেন, ইজারা বাতিল করা হবে।”
নবীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নবীনগর পৌরসভার প্রশাসক রাকিবুল ইসলাম বলেছেন, “সাংবাদিকের গাড়ি থেকে ইজারার টাকা নেওয়ার সুযোগ নেই৷ ইজারাদারের লোকজন যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি ইজারা বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে।”
সংসদ সদস্য আব্দুল মান্নান ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেছেন, “আমার কোনো ভাতিজা নেই। আমি পৌরসভা কর্তৃপক্ষকে ইজারা বাতিল করার জন্য বলেছি।”
