ইউরোপা লিগে বোর্নমাউথের কাছে ৩-০ গোলে হারের ম্যাচে লাল কার্ড দেখার পর সামাজিক যোগাযোগমাধ্যমে গোলরক্ষক মাইক মাইগনানের প্রতি হওয়া বর্ণবাদী আচরণের তীব্র নিন্দা জানিয়েছে এসি মিলান।
ম্যাচের পর গত শুক্রবার অনলাইন ট্রোলের শিকার হন এই গোলরক্ষক। এর প্রেক্ষিতেই শুক্রবার একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে ইতালীয় ক্লাবটি।
বিবৃতিতে বলা হয়, বোর্নমাউথের বিপক্ষে গতকালের ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মারাত্মক ও অগ্রহণযোগ্য বর্ণবাদী মন্তব্যের শিকার হয়েছেন মাইক মাইগনান। এসি মিলান যেকোনো ধরনের বর্ণবাদ এবং বৈষম্যের তীব্র নিন্দা জানায়, যার মাঠের ভেতরে বা বাইরে কোনো স্থান নেই। ক্লাব মাইকের প্রতি পূর্ণ একাত্মতা এবং সমর্থন প্রকাশ করছে।
উল্লেখ্য, ম্যাচের ২৭তম মিনিটে কর্নারের প্রস্তুতি নেওয়ার সময় প্রতিপক্ষ খেলোয়াড় টাইলার অ্যাডামসের মুখে ধাক্কা দেওয়ায় লাল কার্ড দেখেন মাইগনান। এরপর সেই পেনাল্টি থেকে গোল করেন মার্কাস টেভারনিয়ার এবং ১০ জনের দলে পরিণত হওয়া মিলানের বিপক্ষে সহজেই জয় তুলে নেয় স্বাগতিকরা।
ফ্রান্সের এক নম্বর গোলরক্ষক প্রতিপক্ষ খেলোয়াড়ের প্রতি তার ওই আচরণটি ইচ্ছাকৃত ছিল না- শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তা পরিষ্কার করেছেন।
মাইগনানের বর্ণবাদী অপমানের শিকার হওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে উদিনেসের বিপক্ষে ম্যাচের গ্যালারি থেকে বর্ণবাদী আক্রমণের শিকার হওয়ায় সতীর্থদের নিয়ে মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন তিনি, যার ফলে কিছুক্ষণের জন্য খেলা বন্ধ রাখতে হয়েছিল।
গত বৃহস্পতিবারের এমন হতাশাজনক ফলের পর ক্লাবটি তাদের সমর্থকদের তাদের ক্ষোভ সঠিকভাবে ও দায়িত্বশীলভাবে প্রকাশ করার আহ্বান জানিয়েছে।
বিবৃতির শেষাংশে মিলান জানায়, মিলানের সমর্থক এবং ইতালীয় ফুটবলের প্রতিনিধি হিসেবে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা সবাই জিততে চাই, তবে তা হতে হবে সঠিক উপায়ে- মর্যাদা, পারস্পরিক শ্রদ্ধা এবং ক্লাসের সঙ্গে।
