ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে ক্ষমতাসীন বিজেপি। দলটির দাবি, কোনো নির্বাচন ছাড়াই ক্ষমতা পরিবর্তনের পাঠ নিতে বিদেশে যান রাহুল গান্ধী।
বুধবার বিজেপি দাবি করেছে, কোনো নির্বাচন ছাড়াই ‘ক্ষমতা পরিবর্তনের’ ষড়যন্ত্র করছেন রাহুল গান্ধী এবং এ বিষয়ে তিনি বিদেশ থেকে পরামর্শ নিচ্ছেন।
বিজেপির মুখপাত্র সমবিত পাত্র অভিযোগ করেন, ‘দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে, যার উদ্দেশ্য হলো রাহুল গান্ধীকে নতুন করে সামনে নিয়ে আসা। তিনি এর আগেও বহুবার ব্যর্থ হয়েছেন।’
বিজেপি নেতার দাবি, ভারত কীভাবে অস্থিতিশীল করা যায় এবং নির্বাচন ছাড়াই কীভাবে ‘ক্ষমতা পরিবর্তন’ করা যায়, সে বিষয়ে পরামর্শ নিতেই রাহুল গান্ধী বিদেশে গিয়ে ধনকুবের বিনিয়োগকারী জর্জ সোরোস ও তার সহযোগীদের সঙ্গে দেখা করেছেন।
তিনি আরও বলেন, ‘নেহা বোরা, প্রশান্ত ভূষণ এবং সঞ্জয় রাউত—তারা নিজেরাই নিজেদের উদ্দেশ্য স্পষ্ট করেছেন: ক্ষমতা পরিবর্তন। আর এই লক্ষ্য অর্জনে যদি সহিংসতার প্রয়োজন হয়, তবে কিছু মানুষ তার সমর্থনেও এগিয়ে এসেছেন।’
এর আগে রাহুল গান্ধী আবারও বিদেশ সফরে গেছেন বলে দাবি করে বিজেপি। একটি উড়োজাহাজের ভেতরের ভিডিও প্রকাশ করে দলটি দাবি করে, রাহুল গান্ধী ভিয়েতনামের উদ্দেশে যাত্রা করেছেন। সূত্র: পিটিআই