সংবাদ · সাধারণ
ভালো কাজ না করলে জনগণ বিরোধী দলকেই ভোট দেবে : চিফ হুইপ
২১/১০/২০২৬

আমরা ভালো কাজ না করলে জনগণ বিরোধী দলকেই ভোট দেবে উল্লেখ করে জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, ‘কথায় কথায় বিরোধিতা ও লংমার্চের হুমকি না দিয়ে আমাদের কাজ করতে দিন।’তিনি আরও বলেন, ‘বিরোধী দলের নেতাকর্মীদের এই কথা বোঝাতে হবে-তাদের সাথে দ্বন্দ্ব নয়, তাদের পাশে রেখেই আমরা সামনে এগোতে চাই।’বুধবার (২১ অক্টোবর) বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত জিয়া মঞ্চের বরিশাল বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি আবু তালেব।এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম এমপি, বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন, উত্তর বিএনপির আহ্বায়ক দেওয়ান শহীদুল্লাহ, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক এবং জিয়া মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ইকবালসহ অনেকে।এর আগে সকাল ১১টায় বরিশাল অঞ্চলের ছয়টি জেলা থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া-মোনাজাত ও দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মূল অনুষ্ঠান সূচনা করা হয়।সম্মেলনে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ তুলে ধরার আহ্বান জানান। একই সঙ্গে জিয়া মঞ্চকে আনুষ্ঠানিকভাবে বিএনপির অঙ্গসংগঠন হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানান স্থানীয় নেতারা।প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন তুলে ধরেন।উল্লেখ্য, জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শনের ওপর ভিত্তি করে ১৯৯৩ সালের ২৯ সেপ্টেম্বর জিয়া মঞ্চ গঠিত হয়। বিএনপি নেতা আবদুস সালাম বর্তমানে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
মূল প্রতিবেদনে যান ↗