প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৬:২৮ পিএম
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরের মধ্য দিয়ে নগরীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে। নগরীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু প্রকল্প সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এ প্রকল্পগুলোর বিষয়ে প্রধামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হবে।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ঐতিহাসিক মাদ্রাসা মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো তারেক রহমানের রাজশাহী আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি নগরবাসীর মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। ঢাকার বাইরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে কোনো সরকারপ্রধানের রাজশাহী সফরকে তিনি ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, নগরীর উন্নয়নে বিমান চত্বর থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণ, কুমারপাড়া থেকে বড়কুঠি ও বরেন্দ্র জাদুঘর হয়ে ফায়ার ব্রিগেড মোড় পর্যন্ত সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ, ৩০টি ওয়ার্ডে খেলার মাঠের উন্নয়ন ও ফুটসাল গ্রাউন্ড নির্মাণ এবং সিনিয়র সিটিজেন পার্ক স্থাপনের পরিকল্পনা রয়েছে। এগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে।
রাসিক প্রশাসক আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করছেন তিনি। দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে থাকা হেতেমখাঁ-বর্ণালী সড়কের উন্নয়নকাজ ইতোমধ্যে শেষ হয়েছে। পাশাপাশি মসজিদ, মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নকাজও চলছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এর আগে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) শাহীন শওকত এবং রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।