কালবেলা · অর্থনীতি
হিলি স্থলবন্দর দিয়ে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ
১৬/১০/২০২৬

শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে টানা আট দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
শুক্রবার (১৬ অক্টোবর) হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সাপ্তাহিক ছুটির কারণে বন্দরে আমদানি রপ্তানি বন্ধ থাকবে। এরপর শনিবার (১৭ অক্টোবর) থেকে ভারতের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
তিনি আরও বলেন, ভারতে দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন সড়কে প্রতিমা নির্মাণ ও পূজাসংক্রান্ত আয়োজনের কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। এ কারণে ১৭-২৩ অক্টোবর পর্যন্ত সাত দিন আমদানি রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে। আগামী শনিবার (২৪ অক্টোবর) থেকে পুনরায় দুই দেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানি শুরু হওয়ার কথা রয়েছে।
বন্দর কর্তৃপক্ষ জানায়, সরকারি ছুটি ছাড়া বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম চালু থাকবে। এ সময় আমদানিকারকেরা চাইলে তাদের আমদানি করা পণ্য খালাস নিতে পারবেন।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া জানান, পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। প্রতিদিনের মতো সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দুই দেশের মধ্যে যাত্রী পারাপার চলবে।
মূল প্রতিবেদনে যান ↗