সংবাদ সংস্থা মুম্বই: মুম্বইয়ের সিজেপি বিক্ষোভে অংশ নেওয়ার পরেই আইনি বিপাকে পড়েছেন আমির খানের ভাগ্নে তথা অভিনেতা ইমরান খান। তাঁর নাগরিকত্ব ও ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে শুরু হয়েছে চরম জল্পনা। এফআরআরও (FRRO) পরীক্ষার পর জানা গিয়েছে যে, ইমরান ভারতীয় নাগরিক নন, বরং তিনি মার্কিন নাগরিকত্বপ্রাপ্ত এক জন ওসিআই (ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া) কার্ডধারী। বিদেশি নাগরিক হয়ে ভারতে রাজনৈতিক বিক্ষোভে অংশ নিয়ে ভিসা ও ওসিআই নিয়ম লঙ্ঘনের অভিযোগে তাঁকে ২৮ অক্টোবর, ২০২৬-এর মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়ে নোটিশ পাঠানো হয়েছে।
এই খবর সামনে আসতেই বলিউডের অন্দরে শুরু হয়েছে জোর তোলপাড়। অভিনেতা গজেন্দ্র চৌহান, রাজা মুরাদ এবং অশোক পণ্ডিত এই বিষয়ে মুখ খুলেছেন এবং সরকারের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। আটের দশকের জনপ্রিয় ধারাবাহিক ‘মহাভারত’-এর যুধিষ্ঠির খ্যাত অভিনেতা তথা এফটিআইআই -এর প্রাক্তন চেয়ারম্যান গজেন্দ্র চৌহান ইমরানের বিরুদ্ধে অত্যন্ত আক্রমণাত্মক মন্তব্য করেছেন। সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি ইমরানকে 'দেশদ্রোহী' বা গদ্দার বলে দাগিয়ে দেন।
https://www.youtube.com/watch?v=OjH_Qfsu904&t=303s
“ অত্যন্ত আনন্দের বিষয়। দেশের ভেতরে লুকিয়ে থাকা দেশদ্রোহীদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে দেখে আমার খুব ভাল লাগছে। আমির খানের ভাগ্নে হয়ে এখানে অভিনয় করে নাম, দাম, খ্যাতি সবই অর্জন করল, অথচ মার্কিন নাগরিক হিসেবে ভারতে ওসিআই কার্ড নিয়ে ছিল। যখন ও দেশের আইনের নিয়ম লঙ্ঘন করল, তখন তাকে ২৮ অক্টোবর পর্যন্ত সময় দেওয়াই ভুল হয়েছে! তাকে ২৪ ঘণ্টার মধ্যে দেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল”, মন্তব্য বর্ষীয়ান অভিনেতার।
অন্যদিকে প্রবীণ অভিনেতা রাজা মুরাদ ব্যক্তিগত আক্রমণ না করে পুরো বিষয়টি আইনের দৃষ্টিভঙ্গি থেকে তুলে ধরেছেন। রাজা মুরাদের কথায়, "ইমরান খান হোক বা অন্য যে কেউ, কোনও বিদেশি নাগরিকেরই আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে নাক গলানোর অধিকার নেই। মুম্বই পুলিশ ও প্রশাসন সম্পূর্ণ আইনি কাঠামোর মধ্যে থেকে কাজ করছে। তাকে অন্তত ১৫ দিনের একটি যুক্তিসঙ্গত সময় দেওয়া হয়েছে। ইমরান যদি মনে করে তাঁর সঙ্গে অন্যায় হয়েছে, তবে তিনি আদালতে যাওয়ার পূর্ণ অধিকার রাখেন। আদালত যা সিদ্ধান্ত দেবে, তা মেনে নেওয়াই শ্রেয়।"
চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিতও প্রশাসনকে সমর্থন জানিয়ে প্রশ্ন তুলেছেন ইমরানের সচেতনতা নিয়ে। তিনি বলেন, একজন ব্যক্তি নিজের অধিকারের লড়াই করতে রাস্তায় নেমে পড়েছেন, অথচ ওসিআই কার্ডধারী বিদেশি নাগরিক হিসেবে তাঁর কী কী অধিকার রয়েছে, সে সম্পর্কে বিন্দুমাত্র ধারণাই তাঁর নেই!
