মোঃ তাজুল ইসলাম, শেরপুর (বগুড়া) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মজিবুর রহমান। তিনি বিশালপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি।
মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) তিনি বিশালপুর ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় তিনি মণ্ডপগুলোর সার্বিক পরিবেশ ও পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন।
দুর্গাপূজা উদযাপনে সহযোগিতার অংশ হিসেবে বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন এবং উপস্থিত সবার সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে বিশালপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মণ্ডপ পরিদর্শন শেষে শুভেচ্ছা বক্তব্যে মজিবুর রহমান সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন,‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই সম্প্রীতির চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমাজে শান্তি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে একটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের মধ্য দিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবে—এটাই সবার প্রত্যাশা। শারদীয় দুর্গাপূজা আনন্দ, উৎসাহ ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মজিবুর রহমানের এই মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও জোরদার হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
The post শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান appeared first on Matrijagat.
