ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় আহত ৬ শিক্ষার্থী, বিক্ষোভ!
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেট কারের ধাক্কায় মার্কেটিং বিভাগের ছয় শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বিজনেস স্টাডিজ অনুষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর গাড়িচালকের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গাড়িচালক হিসেবে অভিযুক্ত সাদমান সাকিব বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের ছেলে এবং ঢাবির ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে প্রথমবার গাড়ি চালানো শেখার জন্য বাবার প্রাইভেট কার নিয়ে একাই ক্যাম্পাসে বের হন সাদমান সাকিব। একপর্যায়ে বিজনেস স্টাডিজ অনুষদের সামনে পৌঁছালে তিনি গাড়িটির নিয়ন্ত্রণ হারান। এ সময় রাস্তা দিয়ে চলাচলরত মার্কেটিং বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একদল শিক্ষার্থীর ওপর গাড়িটি উঠে গেলে ছয়জন আহত হন।
আহত শিক্ষার্থীরা হলেন জাহিদুল ইসলাম হৃদয়, কানিজ ফাতেমা, তাসনিয়া বেগম, মিফতাহুল, তাসফিয়া তাবাসসুম ও সিদরাতুল। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
গাড়িচালক হিসেবে অভিযুক্ত সাদমান সাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. শহিদুল ইসলামের ছেলে।
দুর্ঘটনার পর সাদমান সাকিবকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি প্রক্টরদের হেফাজতে ছিলেন।
এদিকে, সহপাঠীদের আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীসহ সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। অভিযুক্ত চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তাঁরা প্রক্টর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।
ঘটনাকে কেন্দ্র করে প্রক্টর কার্যালয় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।
