প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১০:৪২ এএম
বরিশালের গৌরনদী উপজেলার বাথী ইউনিয়নের পশ্চিম সোমাদ্দারপাড় গ্রামে জরাজীর্ণ টিনের ঘরে মানবেতর জীবনযাপন করছেন ৭০ বছর বয়সী নিঃসন্তান বিধবা কনক হালদার। সামান্য বৃষ্টিতেই ঘরের চাল দিয়ে পানি পড়ে। জোরে বাতাস বইলে নড়বড়ে ঘরটি ভেঙে পড়ার আশঙ্কায় আতঙ্কে থাকতে হয় তাকে। জীবনের শেষ সময়ে এসে একটি নিরাপদ আশ্রয়ের আকুতি জানিয়েছেন এই বৃদ্ধা।
কনক হালদার প্রয়াত দীনবন্ধু হালদারের স্ত্রী। গৌরনদী উপজেলার বাথী ইউনিয়নের পশ্চিম সোমাদ্দারপাড় গ্রামে সোমাদ্দারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে তার বসবাস। স্বামী-সন্তানহীন কনক দীর্ঘদিন ধরে ছোট্ট একটি জরাজীর্ণ টিনের ঘরে দিন কাটাচ্ছেন। ঘরের চাল দিয়ে বৃষ্টির পানি পড়ায় ভেতরের জিনিসপত্র ভিজে যায়। ঘরটি নড়বড়ে হওয়ায় ঝড়ো বাতাসে সেটি ভেঙে পড়ার আশঙ্কাও রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কনক হালদারের নিরাপদ বসবাসের ব্যবস্থা নেই। স্থানীয়দের সহযোগিতায় কোনোমতে তার দিন চলছে। সরকারি-বেসরকারি সহায়তা কিংবা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের উদ্যোগে তার জন্য একটি ছোট ঘরের ব্যবস্থা করা গেলে বৃদ্ধ বয়সে কিছুটা নিরাপত্তা নিয়ে থাকতে পারতেন তিনি।
এলাকাবাসী কনক হালদারের পাশে দাড়াতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে অসহায় এই নারীর জন্য নিরাপদ আবাসনের ব্যবস্থা করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম বলেন, বিষয়টি আমার জানা ছিল না। এ ব্যাপারে দ্রুত খোজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
